দেদার চলছে গাঁজা চাষ : উচ্ছেদ অভিযানে পুলিশ |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৮ ডিসেম্বর’ ১৯ :-

দিনহাটার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে চাষ বন্ধ করতে অভিযানে নামল পুলিশ। অভিযানের অঙ্গ হিসাবে রবিবার দিনহাটা ভেটাগুড়ি এলাকায় বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করলো পুলিশ ও প্রশাসন। এদিন দিনহাটা এক ব্লকের ভেটাগুড়ির রুয়েরকুঠি, কাজীপাড়া সহ আশপাশ এলাকায় প্রায় ৩৫ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা হয়। বেআইনিভাবে চাষ করা এই গাঁজা গাছ ধ্বংসের অভিযানের নেতৃত্ব দেন দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত ছাড়াও আবগারি দফতরের আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন ভেটাগুড়ি বেশ কয়েকটি গ্রামে বিপুল পরিমাণ গাঁজা গাছ কাটার পর জমিতে সেই গাছগুলিতে আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়া হয়। গাঁজা গাছ ধ্বংস করা হলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। এদিন বেশ কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ নষ্ট করা হয় বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে জানা গেছে সীমান্ত মহকুমা দিনহাটার বিভিন্ন প্রান্তে অবৈধ ভাবে গাঁজা চাষ বন্ধ করতে গত বেশ কিছুদিন ধরেই অভিযান শুরু হয়েছে। অবৈধ চাষ বন্ধ করতে আগামীতেও এই অভিযান চলবে বলে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস জানান।

Leave a Reply

error: Content is protected !!