চাই প্ল্যাস্টিক মুক্ত শহর : কড়া অবস্থানে যাচ্ছে পুরসভা

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৫ সেপ্টেম্বর’১৯ :-

প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে শুক্রবার থেকেই অভিযানে নামতে চলছে দিনহাটা পৌরসভা । এদিন থেকে পুর এলাকার কোন দোকানে প্লাস্টিক দেখা মিললে সেই দোকান মালিকের বিরুদ্ধে পৌরসভার আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে । পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার দিনহাটা পুরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ সাংবাদিকদের বৈঠক করে বলেন সারা রাজ্যের সাথে সাথে দিনহাটাকেও প্লাস্টিক মুক্ত করতে পুরসভা নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্লাস্টিক বিক্রেতা থেকে শুরু করে ব্যবহারকারী সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এমনকি জরিমানা পর্যন্ত করা হবে বলে জানাল পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেন ইতিপূর্বে পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পাঁচ সেপ্টেম্বরের পর থেকে ব্যবসায়ী থেকে শুরু করে কোথাও কেউ প্লাস্টিকের জিনিস ব্যবহার কিংবা বিক্রি করলে পুরসভা তাদের জরিমানা করবে। পুরসভার কর্মীরা আজ শুক্রবার থেকেই বিভিন্ন দোকানে গিয়ে তার খোঁজ শুরু করবেন। এই অভিযানে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলে তিনি জানান। ব্যবসায়ীদের কারো ঘরে সরকারি ঘোষণা অনুযায়ী 40 মাইক্রোনের নিচে প্লাষ্টিক হওয়া গেলে তাদের বিরুদ্ধে পুরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ প্রশাসন কে সঙ্গে নিয়ে প্লাস্টিক বন্ধে এই অভিযান শুরু হবে বলে উদয়ন গুহ জানান।
তিনি বলেন বৃহস্পতিবার পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিং হয়। সেই বোর্ড মিটিং এ প্লাস্টিক থার্মোকলের ব্যবহার বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার যে ভবন গুলি রয়েছে সেগুলোতে যেকোনো অনুষ্ঠানে কোনরকম প্লাস্টিক এমনকি থার্মোকলের থালা , গ্লাস , বাটি ব্যবহার করা যাবে না। যদি কেউ নিয়ম না মানে তাহলে তাদের বুকিং ক্যানসেল করে দেওয়া হবে।
প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলতে দিনহাটা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি সাধারণ মানুষ। দিনহাটা জন জাগরণ মঞ্চের পক্ষ থেকে সম্পাদক হিটলার দাস বলেন প্লাস্টিকের জিনিস এবং থার্মোকলের ব্যবহার বন্ধে ইতিপূর্বেই সংগঠনের পক্ষ থেকে সচেতনতা প্রচার শুরু হয়েছে । দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক একই অভিমত প্রকাশ করেন। উভয় সংগঠনের পক্ষ থেকে পুর কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়। পুরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা গুলি এগিয়ে এলে তাদেরকে স্বাগত জানানো হবে বলেও পুরপ্রধান উদয়ন গুহ জানান।

Leave a Reply

error: Content is protected !!