নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৪ সেপ্টেম্বর’১৯ :-

রেশন কার্ড নিয়ে সংশোধনী শুরু হতেই এনআরসির আতঙ্কে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে গিয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ল। দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চওড়াবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে সামসুল হক(৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এনআরসির আতঙ্কেই কাগজপত্র জোগাড় করতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে কৃষকের পরিবারের পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে এনআরসির কাগজ পত্র জোগাড় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে। তার বাড়ি দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খোচাবাড়ী এলাকায়। পরিবারের পক্ষ থেকে স্ত্রী জেলেকা বিবি এনআরসির আতঙ্কেই স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন। জানা গেছে পেশায় কৃষক সামসুল হক গত বেশ কিছুদিন ধরে রেশন কার্ড সংশোধনের পাশাপাশি এনআরসি হবে এই আতঙ্কের কাগজপত্র ঠিক করার জন্য ছোটাছুটি করছিলেন। এভাবে কয়েকদিন ধরে তাকে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। সোমবার রাতে অসুস্থ হয়ে পড়তেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।মৃত কৃষকের মেয়ে সামিনা বিবি বলেন এনআরসির কারণেই আতঙ্কিত হয়ে তার বাবা হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।মৃত ওই ব্যক্তির স্ত্রী জেলেকা বিবি বলেন তার স্বামীর মৃত্যু হয়েছে এনআরসির কারণেই। এদিন কাঁদতে কাঁদতে তিনি বলেন গত কয়েকদিন ধরে রেশন কার্ডের সংশোধনীর জন্য বিডি অফিসে ছোটাছুটির পাশাপাশি এনআরসি আতঙ্কে তার জন্য কাগজপত্র জোগাড় করার জন্য ছোটাছুটি করে অসুস্থ হয়ে এদিন তাঁর মৃত্যু হয়। এনআরসির কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলেও এদিন জেলাকা বিবি অভিযোগ আনেন।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মল কুমার বর্মণ বলেন পেশায় কৃষিজীবী সামসুল হক এনআরসির আতঙ্কে ভুগছিলেন। রেশন কার্ড নিয়ে যখন সংশোধনী শুরু হয়েছে তখন তিনি এনআরসি আতঙ্কে কাগজপত্র ঠিক করার জন্য গত কয়েক দিন ধরে চেষ্টা করছিলেন। এর পরেই এই আতঙ্কে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এই কৃষকের মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার বলে ও গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মল বর্মন অভিযোগ তোলেন।

বিষয়টি নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন এনআরসি নিয়ে গোটা রাজ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ শুরু হয়েছে। ইতিমধ্যে আসামে ১৯ লক্ষ মানুষের তালিকায় নাম না থাকায় এই উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। বিধায়ক বলেন এনআরসি না হতেই এ রাজ্যে এখন পর্যন্ত আট জনের মৃত্যু হল। এনআরসি নিয়ে বিজেপি নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গতকালের বক্তব্য উৎকণ্ঠা ও উদ্বেগ আরও বেড়ে গেছে রাজ্যের মানুষের কাছে।নোট বন্দি করে মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়ার পর এবার এনআরসির নামে মানুষকে দেশছাড়া করার চক্রান্ত শুরু করেছে কেন্দ্রের শাসকদল। এর বিরুদ্ধে মানুষ উপযুক্ত জবাব দেবে।
বিষয়টি নিয়ে দিনহাটা দুই ব্লকের বিডিও জয়ন্ত দত্ত বলেন এখানে এনআরসি নিয়ে কোন আতঙ্ক নেই। এমনকি এনআরসি নিয়ে আতঙ্কিত হয়ে মৃত্যুর কোন খবরও তাদের জানা নেই। বর্তমানে রেশন কার্ডের সংশোধনী শুরু হয়েছে। ব্লক প্রশাসনের দফতরে আসা মানুষদের কে কর্মীরা সব রকম ভাবে সহযোগিতা করছে।