নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৮ নভেম্বর’১৯:-

কোচবিহার রাসমেলার মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস মেলার মঞ্চ থেকে সাবেক ছিটমহলের বাসিন্দাদের চ্যাংড়াবান্ধা কুড়িটি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দিলেন। এদিন সাংস্কৃতিক মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন বলেন গত সপ্তাহে তার আসার কথা ছিল কোচবিহারে। কিন্তু বুলবুলির কারণে সেখানে রাজ্যের বেশক’টি অংশে প্রচুর ক্ষতি হয়। সেখানকার মানুষের পাশে দাঁড়াতে তিনি কোচবিহার সফর বাতিল করেন। কিন্তু কোচবিহারের রাস মেলায় আসার জন্য তাকে কর্তৃপক্ষ একাধিকবার বলেন। তিনি আসতে পেরে অভিভূত।এদিন ওই মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ৮১ কোটি ১৪ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন তিনি। এরমধ্যে মেখলিগঞ্জে সাবেক ছিটমহলের বাসিন্দাদের জন্য চারটি ঘর তৈরি হয়েছে যা ব্যয় হয়েছে ২৪ কোটি ৪১ লক্ষ টাকা। এদিন মুখ্যমন্ত্রী ওই মঞ্চ থেকে কুড়ি জনের হাতে ঘরের চাবি তুলে দেন। পাশাপাশি ঘোষণা করেন মঙ্গলবার সেখানে বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও বিধায়ক উদয়ন গুহ গিয়ে বাকিদের হাতে ঘরের চাবি তুলে দেবেন। এদিন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কাশ্মীর থেকে ফিরে আসা দুই জনের হাতে 50 হাজার টাকা করে চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন কাশ্মীরে কাজের জন্য গিয়ে এরাজ্যের শতাধিক মানুষ আটকে পড়েছিল। সে সময় এক রাতে একটি ফোন পাওয়ার পর আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করতে তিনি উদ্যোগী হন। এবং তাদেরকে অনেক সময় ব্যয় করে উদ্ধার করে নিয়ে আসেন ।এদিন কোচবিহারের দুইজনকে আর্থিকভাবে সাহায্য করা হলেও মঙ্গলবার গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠকে আরো একশো কুড়ি জনকে আর্থিক সাহায্য করা হবে বলেও মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন। এদিন রাস মেলার এই মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজেশ সিনহা, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান,তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কোচবিহার পৌরসভার পৌর প্রধান ভূষণ সিং, মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক উদয়ন গুহ, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া,কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, শুচিস্মিতা দেব শর্মা প্রমুখ। এদিন কোচবিহার পৌরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে রাশচক্র উপহার তুলে দেওয়া হলে মুখ্যমন্ত্রী সেটা মেলা কমিটির কাছে রেখে দেন।