নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৮ অক্টোবর’১৯:-

কালীপুজোর মণ্ডপের সামনেই তৃনমূল যুব কংগ্রেসের এক কর্মীকে ছুরি মারার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দিনহাটা শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ধনঞ্জয় দেবনাথ নামে ওই যুবককে ছুরি মেরে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলে এসে আশংকাজনক হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ওই যুবক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার হাতে বেশ কয়েক জায়গায় ছুরি মারা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ সূত্রে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। দিনহাটা সহ জেলার অন্যতম প্রতিভাবান ক্রিকেটার তথা যুব তৃনমূলের সক্রিয় কর্মীকে ছুরিকাহত ঘটনায় আহত কর্মীকে দেখতে সোমবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন যুব সংগঠনের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মন। তার সঙ্গে ছিলেন দিনহাটা শহর ব্লক নেতা অজয় রায় , বাদল সরকার প্রমুখ।
হাসপাতালে বেডে শুয়ে যুব কর্মী ধনঞ্জয় দেবনাথ বলেন এদিন রাতে এলাকারই পুজো মণ্ডপের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই একদল দুষ্কৃতী পুজো মণ্ডপের সামনে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করেন। বাধা দিলে তার ওপর আক্রমণ করা হয়। এরপর তার হাতে ছুরি চালিয়ে পকেটে থাকা বয়েজ ক্লাবের পুজোর প্রায় 50 হাজারের বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
এদিকে যুব তৃনমূলের সক্রিয় কর্মী জেলার অন্যতম উদীয়মান ক্রিকেটার ধনঞ্জয় দেবনাথকে আক্রমণের ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে আসেন জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মন। তিনি বলেন ধনঞ্জয় দেবনাথ কে একদল দুষ্কৃতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালীপুজোর রাতে তাকে ছুরি দিয়ে আঘাত করে। তার চিকিৎসার বিষয়টি নিয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলেন। তৃণমূল কর্মীর দ্রুত আরোগ্য কামনা পাশাপাশি ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়। পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।
বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।