৭ টি বসতবাড়ির পর এবার টার্গেট দোকান : চুরি অব্যাহত কোচবিহারে |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৪জানুয়ারি’২০২০ :-

দিনহাটা শহরের চুরির ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটে চলছে।
শহরের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে ৭ টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার পর এবার চুরির ঘটনা ঘটল দিনহাটার চওড়াহাট বাজারে ব্যাবসায়িক প্রতিষ্ঠানে । বাজারের পশ্চিম প্রান্তে প্রধান সড়কের ধারে একটি অমল নাগ নামে এক পাইকারি ব্যবসায়ীর দোকানে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে বেশ কয়েক হাজার নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমল নাগ জানান অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। শনিবার সকালে এসে দোকান খোলার পর ই দেখেন পেছনের দরজা খোলা । এমনকি দরজার পেছনে থাকা কাঠের বেড়া খুলে ফেলে দুষ্কৃতীরা। ক্যাশ বাক্স তালা ভেঙ্গে দুষ্কৃতীরা নগদ কয়েক হাজার টাকা নিয়ে যায়। এভাবে চুরির ঘটনায় উদ্বিগ্ন বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীরাও।
চওড়াহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ন সাহা বলেন যেভাবে চুরির ঘটনা বেড়ে চলছে তাতে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বিগ্ন ব্যবসায়ীরা।অবিলম্বে চুরির ঘটনা রোধে পুলিশকে আরো কড়া হওয়ার কথাও বলেন তারা।
উল্লেখ্য গত দেড় মাসে দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে সাতটি বাড়িতে বিভিন্ন দিনে দুঃসাহসিক এই চুরির ঘটনা ছাড়াও ব্যবসায়ীক প্রাণকেন্দ্র চওড়াহাট-বাজারে দোকানে চুরির ঘটনা ঘটে। কোন ক্ষেত্রেই চুরির কিনারা না হওয়ায় আতঙ্ক প্রতিদিনই বেড়ে চলছে বলেও ব্যবসায়ীরা জানান।
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন যেভাবে চুরির ঘটনা বেড়ে চলছে তাতে ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছে। মাস কয়েক আগেও ওই দোকানে চুরির ঘটনা ঘটে। অবিলম্বে চুরি রোধ সম্ভব না হলে এবং একের পর এক চুরির ঘটনায় কিনারা না হলে ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সরব হয় সংগঠন নেতৃত্ব।
দিনহাটা মহকুমা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক উৎপলেন্দু রায় বলেন চুরির ঘটনা রোধে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যেভাবে আতঙ্কিত হয়ে পড়েছে সেখান থেকে সকলকে রক্ষা করতে পুলিশের একটি বিশেষ ভূমিকা রয়েছে। পুলিশ আরো কঠোর হলে অনেক কিছুই উদঘাটন করা সম্ভব হবে।
বিষয়টি নিয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন শহরে একের পর এক চুরির ঘটনা রোধে ইতিমধ্যে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!