নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,২৬ অক্টোবর’১৯:-

কালীপুজোর রজতজয়ন্তী বর্ষে চন্দ্রযান টু কে পুজোমণ্ডপে তুলে ধরেছে চৌধুরীহাটের নেহেরু ক্লাব। শনিবার বিকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গণে রজতজয়ন্তী বর্ষের এই পুজো মন্ডপের উদ্বোধন হয়। সীমান্ত গ্রাম চৌধুরীহাটের নেহেরু ক্লাবের পুজো মণ্ডপ এর উদ্বোধন করেন বিএসএফের ৪২ নাম্বার ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডেন্ট অশোক কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবেন বর্মন, ক্লাব প্রতিষ্ঠাতা বাসুদেব সাহা ফৌজদার, সভাপতির সলিল বন্ধু চন্দ , ক্লাব সম্পাদক মৃণাল কান্তি পাল প্রমুখ। এদিন পূজামণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ড্যান্ট অশোক কুমার রজত জয়ন্তী বর্ষে পুজো উদ্যোক্তাদের চন্দ্রযান টু এর এই ভাবনার ভূয়শী প্রশংসা করেন। এদিন উদ্বোধনের পর পুজো মণ্ডপ ঘুরে দেখেন উপস্থিত বিশিষ্টরা।
পুজো উদ্যোক্তাদের মৃণাল কান্তি পাল বলেন পুজোর রজতজয়ন্তী বর্ষের এই থিম কে ফুটিয়ে তুলেছে ধুপগুড়ির শিল্পীরা। এদিন উদ্বোধনের পর দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। পুজো মণ্ডপের পাশাপাশি আলোকমালায় সাজিয়ে তোলা হয় গোটা এলাকাকে। উদ্যোক্তারা জানান সীমান্ত গ্রাম চৌধুরীহাটে নেহেরু ক্লাবের পূজো ঘিরে উৎসবের চেহারা নিয়েছে। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সচেতনতামূলক নানা অনুষ্ঠান শুরু হয় বলে উদ্যোক্তারা জানান।