নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ১৫ ফেব্রুয়ারি’২০২০ :-

করোনা ভাইরাস পরীক্ষায় তৎপর এবার কোচবিহার স্বাস্থ্য দপ্তর। চীনের ম্যাকাও শহর থেকে আসা এক দম্পতিকে শুক্রবার পরীক্ষা করে দেখলেন কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর। গত মঙ্গলবার কোচবিহারের পান্থনিবাস এলাকার বাসিন্দা সুকান্ত আচার্য এর মেয়ে ও জামাই কোচবিহারে আসেন। কর্মসূত্রে তারা বছর তিনেক থেকে চীনের ম্যাকাও শহরে র বাসিন্দা। কোচবিহারে পৌঁছানোর পরে এদিন তাদের বাড়িতে পৌঁছে যান জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল। তিন জনের এই প্রতিনিধি দল প্রায় এক ঘণ্টা ধরে তাদের পরীক্ষা-নিরীক্ষা করেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলী জানান, করোনাভাইরাস নিয়ে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর তৎপরতার সাথে কাজ করছে। বিমানবন্দর সূত্রে আমরা এই দম্পতির চীন থেকে আগমনের খবর পাই। তৎক্ষণাৎ আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছি। এখনো পর্যন্ত তাদের শরীরে কোন রকম ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। সংক্রমণের কোনরকম লক্ষণ দেখা গেলে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব। সুকান্ত আচার্য জানান, মঙ্গলবার তার মেয়ে শ্রীলঘনা আচার্য ও তার জামাই ডেরিস ডেভিড নিয়ন কোচবিহারে তাদের সাথে দেখা করতে আসেন। তার জামাই বিগত 2 বছর থেকে কর্মসূত্রে হংকং সংলগ্ন মাকাও শহরে র বাসিন্দা। বিয়ের পরে তার মেয়েও সেইখানেই চলে যায়। তার জামাই হোটেলের শেফ হিসেবে কর্মরত, এবং তার মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। হংকং থেকে দমদম বিমানবন্দরে নামার পরে প্রথমবার তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়। তারপরে কোচবিহারে আসার পরে শুক্রবার স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি রা বাড়িতে আসেন। এখনো পর্যন্ত তাদের মধ্যেই সংক্রমনের কোনো লক্ষণ দেখা যায়নি। কোন কারনে জ্বর সর্দি কাশি হলে সরাসরি আমরা চিকিৎসার ব্যবস্থা করব, এবং সেইসাথে নিজেরাও সুরক্ষিত থাকার প্রস্তুতি নিয়েছি।