ছেলেধরা গুজব রুখতে পুলিশের বিজ্ঞপ্তি আবেদন : সচেতনতা প্রসার

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,৮ সেপ্টেম্বর’১৯:-

গত বেশ কিছুদিন ধরে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে ছেলে ধরা থেকে শুরু করে নানাভাবে যখন গুজব সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তখন কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে মানুষকে অভয় দিতে সচেতনতা প্রচার শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য সাধনের জন্য সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করে ছাত্র-যুব কে বিপথে চালিত করার চেষ্টা চালাচ্ছে। নানাভাবে অশান্তি তৈরি করার চেষ্টা চালাচ্ছে এই চক্র।এই অসাধু ব্যক্তিগণ ফেক প্রোফাইল তৈরি করে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য এবং ছবি ,ভিডিও পোস্ট করেছে । পুলিশ সূত্রে জানা গেছে এই অসাধু চক্রের পাণ্ডাদের কে ধরার জন্য ইতিমধ্যেই তারা চিহ্নিতকরণের কাজ শুরু করেছেন। পুলিশের পক্ষ থেকে প্রচারের পাশাপাশি কন্ট্রোল রুম খুলে কোন ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে জানানোর জন্য আবেদন জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই প্রচারাভিযানে উল্লেখ করা হয়েছে এরা নিরপরাধ ব্যক্তিদের ছেলে ধরা, কিডনি পাচারকারী, অপহরণকারী, ডাকাত বা দুষ্কৃতি ইত্যাদি তকমা দিয়ে এলাকায় বিশৃংখলার সৃষ্টি করে জাতি দাঙ্গা লাগানোর জন্য নানারকম গুজব ছড়াচ্ছে। এই সমস্ত গুজব ছড়ানো অসাধু ব্যক্তিদের ওপর সতর্ক দৃষ্টি রেখে চলছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও প্রচার করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বাসিন্দাদের কাছে আবেদন জানিয়ে পুলিশকে সহযোগিতার মাধ্যমে সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে তোলার কথা বলা হয়।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে কোনরকম গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না।যদি কোনো অপরিচিত ব্যক্তিকে আপনার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তাহলে পুলিশকে খবর দিন। কখনো তাকে ছেলেধরা ভেবে গণধোলাই দেবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। আরো উল্লেখ করা হয়েছে কোন অসাধু ব্যক্তি যদি কোন মন্দির বা মসজিদে কোন হানিকারক কিছু ঘটনা ঘটায় তাহলে জানবেন ওই ব্যক্তি ওই স্থানে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।জনসাধারণ যেন সেই অসাধু ব্যক্তি চক্রান্তের ফাঁদে পা না দিয়ে তৎক্ষণাৎ পুলিশের সহায়তা নেয়। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে আসা যে কোন মেসেজ ছবি বা ভিডিও ফরোয়ার্ড বা লাইক শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করে নেবেন। অচেনা কেউ যদি ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা কোন সোশ্যাল মিডিয়া গ্রুপে এড করে তাহলে তার সঠিক পরিচয় জেনে সেই রিকোয়েস্ট একসেপ্ট করবেন। ফেক নিউজ বা মিথ্যে প্রচার থেকে সতর্ক থাকুন।সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিয়োগকারী যেকোনো রকম উস্কানিমূলক তথ্য শেয়ার করবেন না।যদি কোন ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ক্ষতিকারক কোনো উস্কানিমূলক বক্তব্য ভিডিও পাঠায় তাহলে তৎক্ষণাৎ তা পুলিশকে জানান। পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে একাধিক পয়েন্ট উল্লেখ করে সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি সর্বদা পাশে থাকার আশ্বাস ও অভয় দেওয়া হয়েছে।
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে এবং ছাত্র-যুব ও সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করার চক্রান্তের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এই প্রচার শুরু হয়েছে।
দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই প্রচার বিশেষভাবে সহায়তা করবে।

Leave a Reply

error: Content is protected !!