বিশ্বকর্মা পূজা : মাঝে রয়েছে একদিন : তুলির শেষ টান মৃৎশিল্পীদের

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ১৬ সেপ্টেম্বর’১৯ :-

হাতেগোনা মাঝে ১ দিন । তারপরেই বুধবার বিশ্বকর্মা পূজা। আর দেবশিল্পীর পুজোকে ঘিরে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের তুলির টান চলছে দিনহাটার মৃৎশিল্পীদের। গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় কিভাবে পরপর দুই পূজো থাকায় প্রতিমা উদ্যোক্তাদের হাতে তুলে দেবেন তা নিয়ে দুশ্চিন্তার মেঘ জমেছে মৃৎ শিল্পীদের মধ্যে। এর ফলে প্রতিমা তৈরিতে সমস্যায় পড়তে হয় তাদের। আবহাওয়া খারাপ থাকায় উদ্যোক্তাদের যেমন সমস্যায় পড়তে হচ্ছে তেমনি প্রতিমা সময়মতো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। দিনহাটার মৃৎশিল্পীদের বাবু পাল, বঙ্কিম পাল, প্রদীপ পাল প্রমুখরা জানান বিশ্বকর্মা পুজোর ১৫ দিনের মাথায় দুর্গাপূজা। আর বিশ্বকর্মা পুজো হওয়ার পর সময় বেশি না থাকায় তাদের একসাথে তৈরি করতে হচ্ছে দুর্গা প্রতিমা। দুই পূজায় সময় কম থাকায় স্থান সংকলনের জন্য কোনরকম করে ঘরের মধ্যেই প্রতিমা শুকিয়ে তা সাজিয়ে তোলা হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় প্রতিমা রং করতে এমনকি চোখ দান করতে গিয়েও তাদের বেগ পেতে হচ্ছে। তারই মধ্যে প্রতিমা রঙের পাশাপাশি পুজো কমিটির গুলি হাতে যাতে নির্দিষ্ট সময়ে তুলে দেওয়া যায় সে কথা মাথায় রেখে দিনরাত কাজ করে চলছেন। গত কয়েকদিনের এই বৃষ্টির ফলে শিল্পীদের পাশাপাশি উদ্যোক্তাদের পুজো মণ্ডপ তৈরীর ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। দিনহাটা মহকুমা টোটো রিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাহা, সেলিম হোসেন প্রমূখ বলেন গত কয়েক বছর ধরে তারা দিনহাটা সংহতি ময়দানে বিশ্বকর্মা পুজো করে আসছেন। কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় মাঠে পুজোমণ্ডপ তৈরীর ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দিনহাটার হেমন্ত বসু কন্যারে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন দিনহাটা পৌরসভার পৌর প্রধান বিধায়ক উদয়ন গুহ বলে উদ্যোক্তারা জানান।একদিকে পূজা আরেকদিকে অনুষ্ঠান এইদিকে হিরে বৃষ্টি কাজে অনেকটাই বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।

Leave a Reply

error: Content is protected !!