নিজস্ব প্রতিবেদক, কোচবিহার,১৯ সেপ্টেম্বর’১৯ :-

ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে বিজ্ঞানমনস্ক করে তুলতে মহকুমা প্রশাসনের উদ্যোগে দিনহাটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার দিনহাটার গোপালনগর হাই স্কুলের বিজ্ঞান মেলার সূচনা হয়।এদিনের সূচনালগ্নের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শেখ আনসার আহমেদ, মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রলয় মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলী, যোগেশ চন্দ্র সাহা হাই স্কুলের প্রধান শিক্ষক সুরথ সাহা, গোপালনগর হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক অমল অধিকারী, শিক্ষক সত্যজিৎ কাজী, শঙ্খনাদ আচার্য , জাকির হোসেন প্রমূখ।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক শেখ আনসার আহমেদ,ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রলয় মন্ডল ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের উপর আরো বেশি মানুষকে করে তুলতে বিজ্ঞানমেলার গুরুত্বের কথা তুলে ধরেন। তারা বলেন ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের দিকে ঝোঁক বাড়াতে দিনহাটা শহরের বিভিন্ন হাইস্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।এদিনের এই বিজ্ঞান মেলায় পুরসভা এলাকার আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রশাসনের উদ্যোগে এই মেলায় দিনহাটা হাই স্কুল, দিনহাটা গার্লস হাই স্কুল, দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, শোনি দেবী জৈন হাই স্কুল, নেতাজি শতবার্ষিকী বালিকা বিদ্যালয়, যোগেশ চন্দ্র সাহা হাই স্কুল, জ্ঞানদা দেবী হাই স্কুল,মারোয়ারী হিন্দি বিদ্যালয় এই স্কুলের ছাত্রছাত্রীরা এদিন জল সংরক্ষণের বিভিন্ন দিক সহ বিজ্ঞানের বিভিন্ন সুফল ও কুফলের নানা দিক তুলে ধরেন। এদিন দিনহাটা পৌরসভা এলাকার স্কুল গুলিকে নিয়ে মহাকুমা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা শুরু হলে মহকুমার শাসক শেখ আনসার আহমেদ সহ প্রশাসনের আধিকারিকরা ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের উপর নানা প্রদর্শনী ঘুরে দেখেন। এদিন ছাত্রছাত্রীরা তাদের হাতের তৈরি বিজ্ঞানের বিভিন্ন মডেল গুলি সম্পর্কে হাতে কলমে সকলকে অবহিত করেন। এদিন বিজ্ঞানমেলা কে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।