নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২০ অক্টোবর’১৯ :-

এরাজ্যে এনআরসি চালু করতে এলে বিজেপিকে উচিত শিক্ষা দেবে রাজ্যের সাধারণ মানুষ।রবিবার সন্ধ্যায় দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে বামেদের ডাকে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে এমন ভাবেই হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব। এনআরসির প্রতিবাদে এদিন দিনহাটায় মিছিলের পাশাপাশি পথসভা অনুষ্ঠিত হল। দিনহাটা মহকুমা বামফ্রন্টের পক্ষ থেকে রবিবার বিকালে এই প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। পরে শহরের পাঁচ মাথার মোড়ে বামেদের ডাকে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, এসএফআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস প্রমুখ। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ মণ্ডল, সব্যসাচী মিত্র, বীরেন চক্রবর্তী, প্রবীর পাল প্রমুখ।পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এনআরসি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন বাম নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন আসাম এনআরসি চালু করে হাজার ১৯ লক্ষ মানুষকে দেশছাড়া করার চক্রান্তের খেলায় মেতে উঠেছে বিজেপি। এ রাজ্যে এনআরসি চালু করতে এলে মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। পথসভায় বাম নেতৃত্ব বলেন কোনভাবেই তারা এনআরসি এরাজ্যে চালু করতে দেবেন না। এন আর সির নামে গোটা দেশের মানুষকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে এই সরকার।কেন্দ্রে ক্ষমতায় থেকে কোনরকম উন্নয়নের নাম না করে মানুষকে চাপে রাখতে আগুন নিয়ে খেলছে বিজেপি। মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দেবে বলেও বাম নেতৃত্ব হুঁশিয়ারি দেন। পাশাপাশি তারা বলেন দেশের সাধারন নাগরিকদের নানাভাবে দেশছাড়া করার চক্রান্ত শুরু করেছে সাম্প্রদায়িক দল বিজেপি। এর বিরুদ্ধে অক্ষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেন বাম নেতৃত্ব।