নিজস্ব প্রতিবেদক,কোচবিহার,৪ নভেম্বর’১৯:-

জমিজট এর মধ্যেই পুলিশের ঘেরাটোপে সিংগীমারী নদীর সাগর দীঘির ঘাটে ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ রোডের বাকি অংশের কাজ শুরু করল প্রশাসন। আগামী ১৩ নভেম্বর কোচবিহার সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কোচবিহার আসার আগেই সোমবার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে সেই কাজ শুরু হল। এদিন কাজ শুরু হতেই বেশ কয়েকজন জমির মালিক যারা এখনো টাকা পাননি এদিন তারা কাজে বাধা দিলে পুলিশ তাদের চার জন কে আটক করে। জমিজটের ফলে বন্ধ থাকা অ্যাপ্রোচ রোডের কাজ এদিন ফের কাজ শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া , দিনহাটা এক ও সিতাই ব্লকের ভিডিও সৌভিক চন্দ, অমিত কুমার মণ্ডল, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, সিতাই থানার ওসি সূর্যদীপ্ত ভট্টাচার্য প্রমুখ। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে চার জনকে আটক করা হয়েছে।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে ২০১২ সালে দিনহাটা সিতাই এর মাঝে সিংগীমারী নদীর উপর সাগর দীঘির ঘাটে এই সেতুর কাজ শুরু হয়। ব্রিজ নির্মাণকারী সংস্থা জমি জটের কথা তুলে অ্যাপ্রোচ রোডের কাজ বন্ধ করে রাখে। তাদের সাথে কথা বলে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে এদিন সেই কাজ পুনরায় শুরু করা সম্ভব হয় ।অধিকাংশ এপ্রোচ রোড সম্পন্ন হলেও মাত্র কয়েকশো মিটার রাস্তা আটকে থাকায় ব্রিজ উদ্বোধনের ক্ষেত্রে দিনক্ষণ নিয়ে সমস্যায় পড়ে প্রশাসন।আগামী মাস দুয়েকের মধ্যে এই অ্যাপ্রোচ রোডের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।
দিনহাটা এক ব্লকের বিডিও সৌভিক চন্দ বলেন স্থানীয়দের সকলের সাথে কথা বলে অ্যাপ্রোচ রোডের কাজ দ্রুত শেষ করার জন্য এদিন ফের সেই কাজ শুরু হয়।
দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন দ্রুত ব্রীজ টি চালু করার জন্য অ্যাপ্রোচ রোডের কাজ শেষ করা জরুরী। নির্মাণকারী সংস্থা জমি জটের কথা বলে কাজ বন্ধ করে দিলেও পুলিশ , প্রশাসন কে সঙ্গে নিয়ে এদিন সেই কাজ শুরু করা সম্ভব হয়। মাস দুয়েকের মধ্যেই অ্যাপ্রোচ রোডের কাজ সম্পন্ন হবে বলেও মহকুমার শাসক জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কোচবিহার সফরের আগে জমি জটে বন্ধ হয়ে থাকা অ্যাপ্রোচ রোডের কাজ তড়িঘড়ি করে শুরু করা হল বলেও মনে করছে অনেকে ।