নিজস্ব প্রতিবেদক,কোচবিহার, ৪ আগস্ট’১৯:-

কোচবিহার ভবানিগঞ্জ বাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল । বুধবার সকাল ৯ টা নাগাদ কোচবিহার ভবানিগঞ্জ বাজার এলাকার, এন এন রোডে একটি বিদ্যুতের খুঁটিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভবানীগঞ্জ বাজার চত্বর এলাকায় প্রায়ই আগুন লাগায় আতঙ্কের সৃষ্টি হয়েছে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। চাঞ্চল্যের সৃষ্টি হয় বাজার চত্বরে। বাজারের ব্যবসায়ীরা দমকল বাহিনীকে খবর দিলে, কিছুক্ষণের মধ্যে দমকলের বড় একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।
প্রসঙ্গত, কয়েক দিন আগেও সন্ধ্যায় বাজারে ইলেকট্রিক পোলে আগুন লাগে। পর পর এই ইলেকট্রিক পোলে আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাবসায়ী বলেন, বাজারে ইলেকট্রিক পোলের তার গুলির অবস্থা শোচনীয়। কিন্তু প্রশাসনের সেই দিকে কোন রকম নজরই নেই। স্থানীয় ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন বারবার আগুন লাগার ঘটনা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। যদি সকালে বা সন্ধ্যায় এই ঘটনা না ঘটে গভীর রাতে ঘটে, তাহলে পূর্বের ভয়াবহ আগুন লাগার ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই পারে বাজারে। যদিও আজকের এই আগুন লাগার ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দমকল সূত্রে জানা গেছে, বাজারের সামনে বিদ্যুতের খুঁটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আগেই, আয়ত্তে আনা সম্ভব হয়েছে বলেও দমকল সূত্রে জানা গেছে।