নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৭ সেপ্টেম্বর’১৯:-

জেলা সভাপতি পরিবর্তনের পরেই দক্ষিণ দিনাজপুরে ঝেড়ে ফেলা হয় বিপ্লব ঘনিষ্ঠ নেতা নেতৃদের । ব্লক কমিটির উপর আস্থা হারিয়ে বিধানসভা অনুযায়ী সংগঠন সাজাতে উদ্যোগী হল তৃনমূল কংগ্রেস । আগের কমিটি ভেঙ্গে ৬০ জনের বর্ধিত নতুন কমিটির উপর আস্থা রাখলেন জেলা নেতৃত্ব । শনিবার বালুরঘাটের রঘুনাথপুরে একটি বেসরকারি লজে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ । আগামী কয়েক দিনের মধ্যেই চেয়ারম্যান ও কনভেনরদের নিয়োগপত্র দেবে শীর্ষ নেতৃত্বরা । নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর বিধানসভায় জয়ী বিধায়কদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । যে সব বিধানসভায় বিধায়ক নেই সেখানে কনভেনরদের উপর সংগঠনের দায়িত্ব বর্তাবে । প্রতিটি চেয়ারম্যানদের অধীনে ২ – ৩ জন করে কনভেনর কাজ করে যাবেন । বিধানসভা ভিত্তিক কার্যক্রম তদারকি ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক কো’অর্ডিনেটর হিসাবে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে ।
জেলা তৃণমুল সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে কনভেনরদের নাম ঘোষণা হবে । নতুন যারা দায়িত্ব পেয়েছেন তাঁদের নিয়োগপত্র পৌঁছে যাবে । সাংগঠনিক ভিত মজবুত করতে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে ।