নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৪ নভেম্বর’১৯:-

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বালুরঘাটের তিনটি পঞ্চায়েতের অঞ্চল সভাপতির পরিবর্তন করল তৃণমূল কংগ্রেস । সোমবার এলাকার দায়িত্বপ্রাপ্ত কনভেনর বিভাস চ্যাটার্জ্জী অঞ্চল সভাপতিদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন । মূলত বুথ ভিত্তিক কমিটিগুলিকে শক্তিশালী করে পাড়ায় পাড়ায় প্রচার চালানোর লক্ষ্যেই এমন উদ্যোগ । জানাগেছে, বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতির দায়িত্বে রাখা হয়েছে এলাকার সক্রিয় কর্মী তরুণ চক্রবর্ত্তীকে । অন্যদিকে ১০ নং অমৃতখন্ড পঞ্চায়েতের দায়িত্বে দেবদূত বর্মন এবং ১১ নং চিঙ্গিশপুরের অঞ্চল সভাপতি করা হয়েছে মহিলা নেত্রী কবিতা মহন্ত (মাহাত)কে । এদিন দায়িত্ব পেতেই তাঁরা জানিয়েছেন, সকলকে নিয়ে কাজ করার নীতিতে এগিয়ে চলবেন অঞ্চল সভাপতিরা । আগামীতে রাজ্যের উন্ন্যনের বিভিন্ন খতিয়ান সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে এক যোগে কাজ করে যাবেন ।
বালুরঘাট বিধানসভার ভাটপাড়া, অমৃতখন্ড ও চিঙ্গিশপুরের দায়িত্বপ্রাপ্ত কনভেনর বিভাস চ্যাটার্জ্জী জানিয়েছেন, গত নির্বাচনে এই তিনটি পঞ্চায়েতে সামান্য ফল খারাপ হয়েছিল সংগঠনের । যার নিরিখেই এদিন নতুন করে অঞ্চল সভাপতি নির্বাচন করা হয়েছে । সকলকে নিয়ে এক যোগে কাজ করে ২১এর নির্বাচনে ভালো ফল করবেন তাঁরা বলে আশাবাদী ।