নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৬ সেপ্টেম্বর’১৯:-

পূজোয় বালুরঘাট শহরের নিরাপত্তা জোরদার করতে মাঠে নামছে ‘সুপার ঈগল’। একই সাথে ২৫টি ওয়ার্ডে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পাঁচটি জোনে ভাগ করে চলবে ড্রোনের নজরদারি । গড়া হবে বেশকিছু অস্থায়ী থানাও । শহরের নিরাপত্তা নিয়ে জেলা পুলিশ সুপারের এমন আশ্বাসে নির্ভয়ে ঠাকুর দেখেতে পারবেন দর্শনার্থীরা । একই সাথে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন ।
জেলা পুলিশ সূত্রের খবর, সারা বছর নিজেদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যস্ত থাকে সুপার ঈগলের টিম । পুলিশের সবচেয়ে সক্ষম কর্মীদের মধ্যে ২০ জন করে পুরুষ মহিলাকে রাখা হয়েছে সেখানে । যাদের মধ্যে ১২ জনকে নামানো হবে এবারে শহরের নিরাপত্তার দায়িত্বে । যারা সবসময় মোটর বাইকে করে শহর জুড়ে নানান সন্দেহ জনক গতিবিধির উপর নজর রাখবে । মধ্যপদের উপদ্রপ বন্ধ সহ ইভটিজিং ইত্যাদি নানান বিষয়ে তদারকি করে শান্ত পরিবেশ বজায় রাখতে কাজ করবে ওই বিশেষ টিম । মহালয়ার পর থেকেই তাঁরা কাজ শুরু করবে বলে জানা গেছে ।
এছাড়াও প্রতিটি ওয়ার্ডে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে ১ – ৫ নম্বর ওয়ার্ডের জন্য চকভবানী ট্রাফিক অফিসে, ৬ – ১০ নং , ওয়ার্ডের জন্য হিলি মোড়ে, ১১ – ১৫ নং ওয়ার্ডের জন্য বাসস্ট্যান্ডে, ১৬ – ২০ নং ওয়ার্ডের জন্য বিশ্বাসপাড়া এবং ২১ – ২৫ নং ওয়ার্ডের ক্ষুদিরামমোড়ে অস্থায়ী পুলিশ থানা গড়া হবে । একই সাথে বালুরঘাট শহর লাগোয়া চক্ভৃগুতেও থাকবে অস্থায়ী পুলিশ থানা । যেগুলি থেকে জরুরী ফোন নম্বর কাজে লাগাতে পারবেন সাধারণ মানুষ । প্রতিটি অস্থায়ী থানাতেই একজন করে আইসি পদমর্যাদার অফিসার থাকবেন । থাকবে কমব্যাট ফোর্সও ।
জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে ।