হাসপাতাল আছে ডাক্তার আসে না : সীমান্ত শহরে মড়ক পশুদের : অভিযুক্ত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৯ সেপ্টেম্বর’১৯:-

পশু হাসপাতালে দিনের পর দিন চিকিৎসকের অনুপস্থিতিতে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত এলাকার মানুষজন । নিজেদের গৃহপালিতি পশুদের চিকিৎসা করাতে না পারায় মৃত্যুর মুখে ঢলে পড়ছে সেগুলি । বৃহস্পতিবার এমনি অভিযোগ তুলে হিলি সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে চিকিৎসকের উপর মারমুখী হয়ে ওঠেন উত্তেজিত বাসিন্দারা । ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে যায় হিলি থানার পুলিশ । শেষে বিডিও পৌঁছে বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিত স্বাভাবিক করে ।
হিলি সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎস্য সহ চারজন কর্মী থাকার কথা রয়েছে । তবে একজন চিকিৎসক সহ এক কর্মী দিয়ে হাসপাতালে পরিষেবা চালানো হচ্ছিল । বাসিন্দাদের অভিযোগ তার পরেও মাঝে মধ্যে ওই চিকিৎসক না আসায় শুধুমাত্র একজন সহায়ক কোন মতে হাসপাতালের চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন । ফলে গ্রামের অসুস্থ গরু, কুকুর সহ গৃহপালিত পশুদের চিকিৎসা করাতে পারছেন না তাঁরা । বছরের বেশীরভাগ সময় হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত থাকার প্রতিবাদে বুধবার বিডিওর কাছে নালিশ করেন বাসিন্দারা । একপ্রকার চাপে পড়ে এদিন হাসপাতালে আসা মাত্র চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ দেখান উত্তেজিত মানুষ জন । অনেকে মারতে পর্যন্ত উদ্যত হয়েছে । ঘটনার খবর পেতেই পুলিশ পৌঁছায় এলাকায় । যদিও পরবর্তীতে খোদ বিডিওর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
সূত্রের খবর, হিলি সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক কুন্তল রায় অন্য একটি হাসপাতালের দায়িত্বেও রয়েছেন । যে কারণে বেশিরভাগ সময় এখানে অনুপস্থিত থাকেন । যদিও এক জন কর্মী যৎসামান্য পরিষেবা দিয়ে টিকিয়ে রেখেছেন হাসপাতাল ।
এলাকার বাসিন্দা বাবিন দাস বলেন, বুধবার তিনি তাঁর একটি কুকুরের চিকিৎসা করাতে গিয়েছিলেন ওই হাসপাতালে । কিন্তু চিকিৎসক না থাকায় পরিষেবা না পেয়ে মৃত্যু হয়েছে তার । যার প্রতিবাদেই এদিন হাসপাতালে বিক্ষোভ দেখান তাঁরা ।
হাসপাতালের চিকিৎসক কুন্তল রায় বলেন, ভিত্তিহীন অভিযোগ । বেশ কিছুদিন অসুস্থ থাকার দরুন তিনি আসতে পারেন নি । নিয়ম মেনেই তিনি পরিষেবা দিয়ে আসছেন ।
হিলির বিডিও সঞ্জয় সুব্বা জানিয়েছেন, বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।

Leave a Reply

error: Content is protected !!