খাঁড়ি উদ্ধারে মাঠে নামল জেলা প্রশাসন : ডিপিআর তৈরির নির্দেশ : হবে উচ্ছেদ অভিযান |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৪ ডিসেম্বর’১৯:–

বালুরঘাট শহরে দখল হয়ে যাওয়া খাঁড়ি উদ্ধারে মাঠে নামল জেলা প্রশাসন । দীর্ঘদিন জবর দখল হয়ে থাকা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে আত্রেয়ী খাঁড়ির শাখাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ জেলা শাসকের । বুধবার বিকেলে সেচ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি পুরসভাকে সঙ্গে নিয়ে শহরের ১০ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনী এলাকা দিয়ে যাওয়া আত্রেয়ী খাঁড়ি পরিদর্শন করেন জেলা শাসক নিখিল নির্মল । পরিদর্শন অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য তথা ম্যাকিনটোস বার্ণের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্ত্তী সহ পুরসভা ও সেচ দপ্তরের আধিকারিকরা ।
একে গোপালন কলোনীর এক পাশ দিয়ে বয়ে গিয়েছে আত্রেয়ী খাঁড়ি । অপর পাশ দিয়ে আত্রেয়ী খাঁড়ির শাখা বয়ে গিয়েছে উত্তর চকভবানীর ঘোষপাড়া এলাকায় । এই এলাকাতেই খাঁড়ির দুই পাড় জবর দখল হতে হতে বর্তমানে আগের অবস্থা হারিয়েছে আত্রেয়ী খাঁড়ির শাখা । ফলে প্রতি বছর বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টি হলেই এলাকা প্লাবিত হয়ে পড়ে । চরম সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা । যা নিয়ে জেলা প্রশাসনকে একাধিকবার নালিশ করেছেন স্থানীয়রা । যার পরেই বিষয়টি নিয়ে সম্প্রতি পুরসভায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে আলোচনা করেছেন জেলা শাসক । এদিন এলাকা পরিদর্শন করার সময় একে গোপালন কলোনী এলাকায় একটি বিল্ডিং ও মাঠের ঘেরা নিয়ে অবাক হন জেলা শাসক । নিয়ম বহির্ভুত ভাবে ওই কাজ হয়েছে বলেও মন্তব্য করেন সরকারি আধিকারিক । এদিন একই সাথে খাঁড়ির দুই পাড়ে উচু করে বাঁধ নির্মানের কথাও জানিয়েছেন জেলা শাসক । পাশপাশি ঘোষপাড়া এলাকায় বড় সুইচ গেট তৈরি করা হবে ।
শঙ্কর চক্রবর্ত্তী জানিয়েছেন, তারাই এমন পরিদর্শন নিয়ে জেলা শাসককে প্রস্তাব দিয়েছিলেন । যার পরেই এদিন জেলা শাসক সেচ দপ্তর ও পুরসভাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন । জবর দখল হওয়া এলাকা উচ্ছেদ করা হবে । জেলা শাসক নিখিল নির্মল বলেন, বিষয়টি নিয়ে সেচ দপ্তরকে ডিপিআর করতে বলা হয়েছে । খুব দ্রুত কাজ করা হবে ।

Leave a Reply

error: Content is protected !!