নিজস্ব সংবাদদতা, বালুরঘাট, ১১ সেপ্টেম্বর’১৯ :-

ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়াল বালুরঘটে । রবিবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সুচিত্রা মহন্ত নামে ওই মহিলার বলে হাসপাতাল সূত্রের খবর । জানাগেছে, তপন ব্লকের ভাড়িলা এলাকার বাসিন্দা ওই মহিলা । ডেঙ্গির সংক্রমণ নিয়ে রবিবার তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল । যদিও এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের কোন বক্তব্য পাওয়া যায়নি ।
ভাড়িলা সহ অভিরামপুর, হরিবংশীপুর, শ্রীবই, তারাজপুর, ভবানীরপুর সহ সাতটি গ্রামের শতাধিক বাসিন্দা জ্বরে আক্রান্ত । যাদের মধ্যে বেশ কয়েক জনকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । সূত্রের খবর, হাসপাতালে ভর্তি ভবানীপুর মোড়ের বাদিন্দা বিকাশ মহন্ত, হরিবংশীপুরের বাসিন্দা নিশিকান্ত বর্মন সহ একাধিক ব্যক্তির ডেঙ্গি সংক্রমণ রয়েছে । এদিকে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পড়েছে বাসিন্দাদের মধ্যে । মিষ্টির দোকানী সরস্বতী বর্মন জ্বরে আক্রান্ত । এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ দাবী করেছেন বাসিন্দারা । এলাকায় সচেতনতা ক্যাম্প সহ ডেঙ্গির মশা নিধনে উপযুক্ত পদক্ষেপ নিলে ডেঙ্গির প্রকোপ থেকে রেহায় পাবেন বাসিন্দারা ।
ভাড়িলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলাদ্রী দেবনাথ জানান, সুচিত্রা মহন্তকে রবিবার ডেঙ্গি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে । এছাড়াও এলাকা জুড়ে বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা ।