নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর’১৯ :-

পূজোর খরচা তুলতে বালুরঘাট শহর জুড়ে ক্লাবে ক্লাবে চলছে অবৈধ জুয়ার আসর । ঘটনা জেনে বুঝেও স্থানীয় নেতাদের দাদাগিরিতে নিশ্চুপ পুলিশ প্রশাসন বলে অভিযোগ । শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিটি ক্ষেত্রেই একপ্রকার হুমকির সুরে মোটা অঙ্কের চাঁদার আবদারও করছেন ক্লাবের সদস্যরা বলেও অভিযোগ উঠেছে । এমন সব ঘটনা ঘিরে ক্ষোভ বাড়ছে শহরের বাসিন্দাদের মধ্যে । যদিও জুয়ার কারবার রুখতে শক্ত হাতে মাঠে নেমেছে বলে দাবী পুলিশের ।
বালুরঘাট শহর জুড়ে ছোটো বড় মিলিয়ে প্রায় ৫০ টি পূজো হয়ে থাকে । যেগুলির মধ্যে সঠিক রেজিস্ট্রেশন প্রাপ্ত পূজো উদ্যোক্তাদের ইতিমধ্যে ২৫ হাজার টাকা করে দেবার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তার পরেও শহরের একাংশ নেতাদের দাদাগিরিতে শহরের বেশকিছু ক্লাবে চলছে অবৈধ জুয়ার আসর । শুধু বালুরঘাট শহরেই নয়, শহর লাগোয়া চক্ভৃগু এলাকাতেও চলছে এমন কারবারের রমরমা আসর । এমনকি কালী পূজোর অছিলাতেও কোনও কোনও ক্লাবে চলছে জুয়া বলে অভিযোগ বাসিন্দাদের । এমন সব ঘটনা জানার পরেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা । তাঁদের দাবী অধিকাংশ ক্লাবের পরিচালনায় নেতৃত্বদের একাংশ রয়েছেন শাসক দলের নেতারা । আর যাদের দাদাগিরিতেই ভয় পাচ্ছে পুলিশ প্রশাসন । তবে এমন কারবার থেকে যে শুধু ক্লাব কর্তৃপক্ষই লাভবান হচ্ছে তা নয়, মোটা অঙ্কের টাকা ঢুকছে একাংশ পুলিশ কর্মীদের পকেটেও বলে অভিযোগ বাসিন্দাদের ।
ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, পুলিশ অবৈধ জুয়ার কারবার বন্ধ করতে বদ্ধ পরিকর । আগে থেকেই শহর জুড়ে কড়া হাতে নেমেছে পুলিশ ।
