নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১১ অক্টোবর’১৯:––

প্রাচীন ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের জনপ্রিয় বোল্লা কালীর কাঠামো পূজো অনুষ্ঠিত হল শুক্রবার । প্রথা মেনে বিজয়া দশমীর পরের শুক্রবার মন্দির সংলগ্ন পাশের পুকুর থেকে তোলা হয় দেবীর কাঠামো । আগামী শুক্রবার ফের পূজোর মাধ্যমে ওই কাঠামো স্থাপন করা হবে মন্ডপে । যার পরেই শুরু হবে প্রতিমা গড়ার কাজ । রাশ পূর্ণিমার পরের শুক্রবার বোল্লা পূজোয় অংশ নেবেন লক্ষ লক্ষ মানুষ ।
কয়েকশো বছর ধরে চলে আসা বোল্লা পূজো আজ গোটা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সমাদৃত । কথিত আছে বহু বছর পূর্বে এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথরকে দেবী হিসাবে পূজো করছিলেন । তার পর তৎকালীন জমিদার মুরারি মোহন চৌধুরী দেবীর পূজোর দায়িত্ব নেন । আর তার মাধ্যমেই অপর জমিদার বল্লভ মুখোপাধ্যায় ঘটা করে দেবীর পূজোর প্রচলন করেন । জানা যায়, সেই সময় ইংরেজদের বিরোধিতা করে মামলায় জড়িয়ে পড়েছিলেন জমিদার বল্লভ মুখোপাধ্যায় । যা থেকে বাঁচতে দেবীর কাছে মানত করেছিলেন জমিদার বল্লভ । এবং মামলাতেও জিতে যান । যার পর থেকেই ওই এলাকা বোল্লা নামে পরিচিত হয় । কালক্রমে দেবীও সকলের কাছে বোল্লা কালী হিসাবে পরিচিতি পেয়েছেন ।
বর্তমানে প্রতিবছর এই পূজো ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ে বোল্লা মন্দিরে । পূজোর চার দিন বিরাট মেলার আয়োজন করেন উদ্যোক্তারা ।