নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট, ৪ডিসেম্বর’১৯:–

সরকারি অনুষ্ঠানে জেলা শাসককের সামনেই তৃণমূলের জেলা সভাপতিকে আমাদের জেলা সভাপতি বলে বিতর্কে জড়ালেন আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক । বুধবার বালুরঘাটে জেলা শাসকের দপ্তরে স্মার্টকার্ড চালু ইস্যুতে সকলের সামনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষকে আমাদের জেলা সভাপতি বলে সম্বোধন করেন আরটিও সন্দীপ সাহা । যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । এই ঘটনায় জেলা বিজেপি ওই সরকারি আধিকারিকের শাস্তির দাবী করেছেন । ঘটনা নিয়ে সরব হয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলিও ।
কাগজ কলমে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ঝামেলা এড়াতে দক্ষিণ দিনাজপুর জেলায় চালু করা হল স্মার্ট কার্ড । বুধবার উত্তরবঙ্গের প্রথম বালুরঘাটে আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল এই কার্ডের সূচনা করেন জেলা শাসক নিখিল নির্মল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা ।
জেলা প্রশাসন সূত্রের খবর, মেট্রোর স্মার্ট কার্ড বা এটিএম কার্ডের মতোই এবার থেকে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে থাকবে কিউ আর কোড সম্পন্ন মাইক্রোচিপ । নিয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচার সম্পন্ন ওই কার্ডের মাধ্যমে ট্র্যাফিক পুলিশ তাঁদের সঙ্গে থাকা ডিভাইসে সোয়াপ করে সহজেই ওই কার্ডের সব তথ্য সংগ্রহ করতে পারবেন । কোনও চালক তাঁর মৃত্যুর পরে অঙ্গদানে সম্মত কিনা, তাও উল্লেখ থাকবে স্মার্ট ওই ড্রাইভিং লাইসেন্সে । যাতে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হলে সহজেই তাঁর অঙ্গ প্রতিস্থাপনের জন্য গ্রহণ করা যায় । পুরনোদের জন্য ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করানোর সময় নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হবে । এর জন্য কার্ড পিছু অতিরিক্ত কিছু টাকা খরচ হবে বলে খবর ।
বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন, ওই আধিকারিকের শাস্তি হওয়া উচিত । তবে শাস্তি দেবে কে ? সরকারি আধিকারিকরাই যদি দলবাজি করে তাহলে এমন অরাজকতা চলবেই ।
যুব কংগ্রেস সহ–সভাপতি সুমিত দত্ত জানিয়েছেন, রাজ্য জুড়েই দলতন্ত্র কায়েম হয়েছে । যে কারণেই সরকারি কাজ কি তা ভুলে গেছেন আধিকারিকরা ।
আরএসপির যুব সংগঠন আরওয়াইএফ’এর সাধারণ সম্পাদক সরোজ কুণ্ডু বলেন, দলের হয়ে কাজ করতে করতে সরকারি আধিকারিকরা ভুলে গেছেন কখন কি বলতে হয় ।
জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় চালু করা হল স্মার্ট কার্ড । এদিন পরীক্ষামূলক ভাবে ৩ জনের হাতে ওই কার্ড তুলে দেওয়া হয়েছে ।
