পাথর ছুঁড়ে বনবস্তিবাসী নবম শ্রেণীর পড়ুয়া খুনের অভিযোগ এস এস বি’র বিরুদ্ধে : তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২১সেপ্টেম্বর’১৯:-

সশস্ত্র সীমা বলের বিরুদ্ধে উঠল মানুষ খুনের অভিযোগ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা আলিপুরদুয়ারের কুমারগ্রাম সংলগ্ন সীমান্ত বর্তী এলাকা জুড়ে । এবং হত্যার এই অভিযোগ এজাহার পেয়ে রীতিমত নড়ে চড়ে বসেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন ।

ঘটনায় প্রকাশ , এস এস বির বিরুদ্ধে এক ১৬ বছরের বনবস্তিবাসি কিশোর পড়ুয়াকে পাথর দিয়ে ঢিলিয়ে খুনের অভিযোগ ওঠে শনিবার সকালে । ঘটনায় শনিবার আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের ভারত ভুটান সীমান্তের কালিখোলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত কিশোরের নাম কুশল লামা। সে কুমারগ্রাম বনবস্তির বাসিন্দা। মৃত কুশল কুমারগ্রামের আদর্শ হিন্দি হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল।কুমারগ্রাম থানায় এস এস বির বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন মৃত কিশোরের বন্ধু সিতারাম ছেত্রি। লিখিত অভিযোগে বলা হয়েছে শনিবার সকাল ১০ টা নাগাদ কয়েকজন মিলে সংকোশ নদীর ধারে বক্সার জংগলে গরু চড়াতে যায়। সেই সময় সংলগ্ন সংকোশ নদীতে স্থান করতে নামেন ওই কিশোররা। সেই সময় টহলরত এস এস বি জওয়ানরা স্থান করতে থাকা কিশোর ও যুবকদের পাথর দিয়ে ঢিল দিতে শুরু করেন। এস এস বির ছোড়া ঢিলে কুশল লামার মৃত্যু হয়। পরে নদী থেকে মৃত কুশলের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, ” আমাদের কাছে লিখিতভাবে এস এস বির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। অভিযোগে এস এস বির ছোড়া ঢিলে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আমরা এই ঘটনা ক্ষতিয়ে দেখছি।”মৃত কিশোরের মা অরুনা লামা বলেন, ” এস এস বি আমার ছেলেকে ঢিল ছুড়ে খুন করেছে। আমি এই ঘটনার বিচার চাই।”

Leave a Reply

error: Content is protected !!