নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ সেপ্টেম্বর’১৯:-

আধার কার্ডে নাম নথিভুক্তকরণ কেন্দ্র নেই এলাকায়, সমস্যায় কুমারগ্ৰাম ব্লকের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, একটি আধার কার্ড নথিভুক্তিকরণ কেন্দ্র বিডিও অফিস চত্বরে ছিল, সেটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাংক ও পোস্ট অফিস থেকে সুবিধা দেওয়ার কথা বলা হলেও কুমারগ্রাম ব্লকের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পোস্ট অফিসে এখনো তা চালু হয়নি। ঘটনায় বিপাকে পড়েছে কুমারগ্রাম ব্লকের ১১টি গ্রামের মানুষ, নতুন আধার কার্ড তৈরি, আপডেট এবং নামের সংশোধন কোনো কিছুই করাতে পারছেন না তারা। তার জেরে তারা ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারছেন না এবং আটকে রয়েছে প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে শুরু করে আবাস যোজনা, বার্ধক্যভাতা, ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা। গ্রামবাসীদের কথায়, সমস্যা জেনেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।