নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ অক্টোবর’১৯:-

নবমীর রাতে ধর্ষনের পরে খুন হয়ে ধান ক্ষেতের পাশে পড়ে থাকা ১১বছরের সেই নাবালিকার বাড়িতে গেলেন সিপিআইএমের প্রাক্তন সংসদ মহম্মদ সেলিম। শুক্রবার দুপুরে ফালাকাটার ওই নাবালিকার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকের সাথে কথা বলেছেন তিনি। মৃত নাবালিকার পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে প্রশাসনকে তিনি জানাবেন। মৃত নাবালিকার পরিবারের পাশে তিনি সবসময আছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে , নারকীয় এই ঘটনায় হাত গুটিয়ে নেই আলিপুরদুয়ার জেলা পুলিশও । ইতোমধ্যেই তদন্তের জাল অনেকখানিই গুটিয়ে আনা গেছে বলে সূত্রের খবর । জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর কিছু জানানো সম্ভব নয় । তবে আমরা সঠিক পথেই রয়েছি ।
প্রসঙ্গত, নবমীর রাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ধনীরামপুর ১নং গ্রাম পঞ্চায়েতের সরুগাও চা বাগানের এক ১১বছরের নাবালিকা পাড়ার চেনা জানাদের সাথে নবমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছিল কিন্তু, সবাই ফিরলেও ছোট্ট মেয়েটি ফেরেনি। পরে ধান ক্ষেতের পাশের নালা থেকে উদ্ধার করা হয়েছে তার দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে।