নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার,২৭ সেপ্টেম্বর’১৯:-

দিনের আলোতে প্রধান সড়ক তো বটেই , জন বসতিপূর্ন গ্রামের পথে ঘুরে বেড়াচ্ছে দাঁতাল হাতি । এ দৃশ্য বোধকরি কেবলমাত্র ডুয়ার্সের দেখা সম্ভব । গ্রামের পথ ঘাট ও যানবাহন চলাচলের রাস্তা দিয়ে চলছে হাতি । শুক্রবার এমন দৃশ্যেরই সাক্ষী রইল জেলা আলিপুরদুয়ার ।

শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার বাসিন্দারা একটি বিশালাকায় দাঁতাল হাতির মুখোমুখি হয়ে পড়ে। এদিন সকাল সাতটা নাগাদ একটি বিশাল দাঁতাল হাতি জটেশ্বর এলাকায় ঢুকে পড়ে । হাতিটি প্রথমে জটেশ্বর – বীরপাড়া গামী প্রধান সড়কে ঘুরতে থাকে তারপর হাতিটি গ্ৰামে ঢুকে পড়ে । স্বাভাবিক উৎসাহেই হাতিটিকে দেখতে এলাকায় প্রচুর মানুষ ভীড় জমায়। হাতিটি গ্ৰামে কিছুক্ষণ ঘোরাফেরা করে পরবর্তীতে হেদায়েত নগর এলাকায় এসে থমকে যায় । খবর লেখা অবধি বর্তমানে হাতিটি গাছতলা বেছে নিয়েছে । ঘটনাস্থলে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা পৌছেছে ও পুলিশ রয়েছে ।
