আলিপুরদুয়ারের কপর্দকহীন নিঃস্ব পরিবার : দিন কাটছে অনাহারে-অর্ধাহারে : চিকিৎসা দূর অস্ত : ফোন গেল ‘দিদিকে বলো’তে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ সেপ্টেম্বর’১৯:-

কাজে লাগাতে পারেননি স্বাস্থ্য সাথী চিকিৎসা কার্ড। নিরুপায় হয়ে সর্বস্বান্ত পরিবার আর্জি জানালো “দিদিকে বলো” তে। কিছুদিন আগেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি অসুস্থ হওয়ায় বেসরকারি হাসপাতালের বিল মিটিয়ে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছে আলিপুরদুয়ার শহরের দেবীনগর এলাকার একটি পরিবার। তাই “দিদিকে বলো” তে জানিয়ে সুরাহা চাইলো পেশায় গাড়ি চালক হৃদরোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তি তাপস দের পরিবার। সূত্রের খবর, আলিপুরদুয়ার শহরের ১৪নং ওয়ার্ডের দেবীনগরে দুই কামরার টিনের চালের ঘরে বৃদ্ধা মা, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন পেশায় গাড়ি চালক তাপস দে। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাপস। তাকে ভর্তি করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। পরে সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পর সেখানে তাদের স্বাস্থ্যসাথী চিকিৎসা কার্ডটি গ্রহণ করেনি। ফলে বিল মিটিয়ে নিঃস্ব হয় সেই পরিবার। চিকিৎসা বন্ধ তাপসের, পড়াশুনা বন্ধ তার ক্লাস ফোরে পড়া ছেলের। এই অবস্থায় “দিদিকে বলো”তে ফোন করে সাহায্যের আর্জি জানিয়েছেন তাপসের স্ত্রী ছবি দে।

Leave a Reply

error: Content is protected !!