নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

ছবি – অবরুদ্ধ পথ ,থমকে প্রায় ছয় কিমির যানবাহনের লাইন ,সার্ক রোডে
পুজোয় দেওয়া হয় নি বোনাস , বকেয়া রয়েছে বহু পাওনা এবং অধিকার চাইতে না বলে কয়ে বাগান ছেড়ে পালিয়েছে বাগান কর্তৃপক্ষ । এমন কারন দেখিয়েই পথ অবরোধে নেমেছে বিপন্ন চা বাগান শ্রমিকরা । তাদের অবরোধে বন্ধ হয়ে আছে ভারত ভুটান সংযোগ কারী অন্যতম সড়ক পথ ‘সার্ক রোড’ । সকাল সাড়ে আটটা থেকে রাস্তা অবরোধে নেমেছেন চা শ্রমিকরা এবং রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যান বাহনের সারি । সোমবার , সীমান্তের শহর জয়গাঁ – দল সিং পাড়ায় , এই দৃশ্যেরই সাক্ষী থাকল ডুয়ার্স । রাজ্যের মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে , নিজেদের অধিকার বুঝে নিতে এভাবেই আন্দোলনে সামিল হলেন ভারত ভুটান সীমান্ত ঘেঁষা তোরসা চা বাগানের হাজার শ্রমিক । ঘটনায় রীতিমত নাভিশ্বাস উঠেছে জেলা প্রশাসনের ।
প্রসঙ্গত , ফের বিনা নোটিশে চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় বিপত্তির মুখে চা শ্রমিকরা। সোমবার ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁ থানার অন্তর্গত তোর্ষা চা বাগানে। সূত্রের খবর, সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকদের নজরে আসে ফ্যাক্টরির গেট বন্ধ।ক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা। ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জানা যায়, এবার পুজোর বোনাস দেয়নি কর্তৃপক্ষ। বোনাস নিয়ে আগামী ২৪ অক্টোবর শিলিগুড়িতে জয়েন্ট লেবার কমিশনের অফিসে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিনা নোটিশে রবিবার রাতে বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ। একের পর এক চা বাগান বন্ধের কারণে দিশেহারা হয় পড়ছে চা শ্রমিকরা। এবং তারপরেই এই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সড়ক (সার্ক রোড) অবরোধ করে প্রশাসনের কাছে নিজেদের অধিকার বুঝে নেওয়ার বার্তা দেওয়ার পথ বেছে নিয়েছেন বিপর্যস্ত ও নিরুপায় চা শ্রমিকরা ।