নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ সেপ্টেম্বর’১৯:-

ছবি – জংশন স্থিত সিপিএম পার্টি অফিসে তৃণমূল বিধায়ক সৌরভ
রাজনীতির আঙিনায় অঙ্গাঙ্গীভাবে জড়িত আলিপুরদুয়ারের ভূমিপুত্র সৌরভ , বরাবর হেঁটেছেন একদম স্বতন্ত্র পথেই । রবিবার তারই সামান্য প্রতিফলনের সাক্ষী রইল আলিপুরদুয়ার । এই প্রথম রাজ্যের কোনো তৃণমূল বিধায়ক “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দল সিপিআইএমের জোনাল পার্টি অফিস অন্দরে। পুজোর ঠিক আগমুহূর্তে “দিদিকে বলো” কর্মসূচিতে নেমে জেলা শহর আলিপুরদুয়ারে জোরদার প্রচারে নেমেছেন জেলা তৃনমূল বিধায়ক ড: সৌরভ চক্রবর্তী। জেলা জুড়ে বিলি করেছেন ‘দিদিকে বলো’ প্রচারের ফোন নম্বরসহ কার্ড। সকলকে অনুরোধ জানিয়েছেন, নিজেদের সমস্যাগুলোকে দিদির কাছে জানানোর জন্য। দোকান পাট ,বাজার, পথ চলতি মানুষজন হয়ে এরপরেই সপারিষদ তিনি দিদিকে বলো কর্মসূচি নিয়ে পৌঁছে যান আলিপুরদুয়ার জংশনের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের পাশেই বিরোধী দল সিপিআইএমের জোনাল পার্টি অফিসে। সেখানে সিপিএমের সদস্য নেতা যারা ছিলেন , সকলের হাতে “দিদিকে বলো”র কার্ড তুলে দেন, তাদেরকে জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী এই রাজ্যের, তাই আপনারাও তাকে ফোন করে আপনাদের অসুবিধার কথা জানাতে পারেন।
সূত্রের খবর, তৃনমূল বিধায়ককে সিপিএম পার্টি অফিসের নেতারা সাদর আপ্যায়িত করেছেন। সকলের সঙ্গে বসে ‘ লাল চা’খেয়ে বেশ ভালো মুহূর্ত কাটিয়ে তিনি সেখান থেকে বিদায় নেন। এই প্রসঙ্গে বিধায়ক ড: সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী । তাই সকলেই তাকে নিজেদের সমস্যা, অসুবিধার কথা জানাতে পারেন। সিপিএম পার্টি অফিসের সকলকে “দিদিকে বলো” র ফোন নম্বরসহ কার্ড দেওয়া হয়েছে। এছাড়াও এনার্সির বিরোধিতায় সিপিআইএম যাতে তৃনমূলের সাথে পা মেলায় সে বিষয়েও তিনি অনুরোধ রেখেছেন বলে জানিয়েছেন বিধায়ক মহোদয়।

