নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১ অক্টোবর’১৯:-

গলায় আঁটোসাঁটো করে লাগানো রয়েছে “রেডিও কলার” , সযত্নে পরিয়েছিল বক্সা বনবিভাগ । এবং সেই গলা বন্ধ রেডিও কলার বেল্ট সঙ্গে নিয়েই মরে পড়ে থাকল পূর্ণবয়স্ক এক লেপার্ড। এবং মঙ্গলবার সাত সকালে , ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার চুনিয়া ঝোরা চা বাগানে উদ্ধারকৃত এই মৃত লেপার্ড ঘিরে দানা বাড়ছে রহস্য । অন্যদিকে , বক্সা বনদফতরের প্রাথমিক অনুমান , এই মৃত্যু স্বাভাবিক , এর মধ্যে কোনো লুকোনো কার্য কারন নেই ।
সূত্রের খবর , এদিন সকালে চুনিয়া ঝোরা চা বাগানের তিন নম্বর লাইনের জঙ্গল ঘেঁষা কম্পার্টমেন্টে লেপার্ড এর নিথর দেহ পড়ে থাকতে দেখে বন বিভাগ খবর দেন স্থানীয় রা । অকুস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে জন বসতি । লেপার্ড টির গলায় রেডিও কলার পরানো রয়েছে । আপাতত ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বক্সা বাঘ বনের আধিকারিকরা । এ প্রসঙ্গে বাঘ বনের ক্ষেত্ৰীয় অধিকর্তা শুভংকর সেন গুপ্ত জানান , এর মধ্যে অন্য কোনো ঘটনা নেই । এটা স্বাভাবিক মৃত্যু । তবে , লেপার্ডটি র মৃত দেহ ময়নাতদন্ত করা হচ্ছে , তারপরেই সঠিক কারণ জানা যাবে ।
প্রসঙ্গত , ইতিপূর্বে , এই চুনিয়া ঝোরা চা বাগানের ১৪ নম্বর সেকশনে উদ্ধার হয়েছিল একটি লেপার্ড মৃতদেহ । ফের পুজো প্রাক্কালে এই ঘটনা । এবং রেডিও কলার পরিহিত লেপার্ডটির গতিবিধি বক্সা বাঘবনের নখদর্পনে থাকাই স্বাভাবিক বলে মানছে ওয়াকিবহাল মহল । সে কারণে মৃত্যুর আগে লেপার্ড টি র অবস্থান , এই মৃত্যুর প্রেক্ষাপটে কিছুটা হলেও যে আলোকপাত করতে পারবে , তা বলাই বাহুল্য ।