নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৪ নভেম্বর’১৯ :-

হিমঘরের শীতল যন্ত্র বিস্ফোরণে গুরুতর আহত হলেন ৯ জন শ্রমিক । বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে জেলা আলিপুরদুয়ারের তপসী খাতা এলাকার এক ফসলি -হিমঘরে ।
সূত্রের খবর , এদিন দুপুরে তখন কাজের মধ্যেই হিমঘরে ছিলেন জনা পঞ্চাশেক শ্রমিক । সে সময়ই বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে হিমঘরের শীতল চেম্বারে । জানা গেছে , এমোনিয়া গ্যাস দ্বারা পরিপূর্ণ এই চেম্বারে কোনো রূপ যান্ত্রিক গোলযোগ এই বিস্ফোরণের জন্য দায়ী । তবে পুলিশী তদন্তের পরই আসল সত্য উদ্ঘাটিত হবে জানিয়েছে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন ।
এদিকে , গুরুতর আহত নয় জন শ্রমিককে চট জলদি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় । পরিষেবা দিতে ছুটে আসে রেড ক্রস শাখা । সংস্থার সেক্রেটারি স্বপন আচার্য ভাদুড়ী জানান, দুর্ঘটনা ঘটেছে ,তাতে নয় জন শ্রমিক আহত হয়েছে । তারা যাতে সব রকম পরিষেবা পায় তার জন্য রেড ক্রস প্রস্তুত রয়েছে । দুজনকে ইতিমধ্যেই শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বপন বাবু ।
অন্য দিকে , বিস্ফোরণের তীব্রতায় হিমঘরে আগুন ধরে গেলে দমকল থেকে তা নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে । ঘটনা স্থলে পুলিশ গিয়ে অবস্থা নজরে রেখেছে । তবে , হিমঘরের মালিকের সঙ্গে কোনো যোগাযোগ করা যায় নি । বিস্ফোরণের কার্যকারন অনুসন্ধানে, তদন্তে নেমেছে আলিপুরদুয়ার পুলিশ ।