জারুল রাভা , দ্য ফোর্থ কলাম, ৩ নভেম্বর’১৯ :-

ছবি – ষোলোতম ডুয়ার্স উৎসবের খুঁটি পূজা, পুরোভাগে বিধায়ক সৌরভ ।
দোরগোড়ায় কড়া নাড়ছে আলিপুরদুয়ার পুরসভার নির্বাচন । যার উপর নির্ভর করছে বিধায়ক সৌরভের আগামীর রাজনৈতিক-স্বস্তি । ঠিক এই প্রাক মুহূর্তে অন্যান্য বছরের মতো , জেলা তথা পুরসভাবাসীর মন জয় করতে মাত্র দশ টাকা টিকিট মূল্যে হাজির হচ্ছেন এক ঝাঁক কলকাতা বোম্বাইয়ের সঙ্গীতশিল্পীমহল । সৌজন্যে ষোলোতম ‘ডুয়ার্স উৎসব’ । গোটা আলিপুরদুয়ার যার জন্য অপেক্ষা করে থাকে বছরভর , তীর্থের কাকের ন্যায় । আগামী ২৯ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি , এই টানা দশদিন এই সংগীতশিল্পীরা স্থানীয় শিল্পীদের সঙ্গে পা মিলিয়ে দাপিয়ে বেড়াবেন উৎসবের মঞ্চ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে । রবিবার , তাঁরই প্রস্তুতি পর্বে মহাধুমধামে ‘খুঁটি পূজা’ সম্পন্ন করলেন এবারের ‘ডুয়ার্স উৎসব’ কমিটি ( প্রসঙ্গত ,সদ্য প্রয়াত তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর প্রতি শেষ শ্রদ্ধায় গত পরশুর ঘোষিত এই খুঁটি পূজা পিছিয়ে এনেছে উৎসব কমিটি ) , যার পুরোভাগে ছিলেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা স্থানীয় বিধায়ক ড: সৌরভ চক্রবর্তী ।
ওয়াকিবহাল মহলের বিশ্লেষণ, রাজনীতির অলিন্দ বদলের সঙ্গে সঙ্গে বদলেছে ডুয়ার্স উৎসবের পরিচালন মুখও । বাম আমলে যেখানে আধিপত্য ছিল স্থানীয় বাম নেতাদের , তৃণমূল জমানায় এই উৎসবের রাশ গিয়েছে সংশ্লিষ্ট হাতেই । লাগাম ধরেছেন বিধায়ক সৌরভ । এবং এই উৎসব পরিচালনা নিয়েও কটাক্ষ করতে পিছপা হয় নি বোল্টের গতিবেগে বাংলার রাজনৈতিক ক্ষমতায়নে ধাবমান বিজেপি । খুঁটি পূজার খবর শুনেই তীব্র ভাষায় বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা জানান , ” এটা তো মানুষের উৎসব নয় , এটা শাসক দলের উৎসব । যদি সকলের উৎসব হতো ,তাহলে অন্যান্যরাও ডাক পেতেন “। এরপর তিনি আরও বলেন , “এই অবস্থা পাল্টে যাবে । বিজেপি ক্ষমতায় এলে উৎসবে প্রত্যেকে সম্মান পাবেন ,আমন্ত্রণ পাবেন । আমরা সকলকে নিয়েই চলব “।
অন্যদিকে , গঙ্গা প্রসাদ শর্মার এই অভিযোগ একেবারেই মানতে চান নি সৌরভবাবু । বিজেপির এই কটাক্ষ উড়িয়ে দিয়ে উৎসবের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তীর বক্তব্য , ” আমাদের এই উৎসব কমিটিতে প্রত্যেকে দলের সদস্য রয়েছেন , অরাজনৈতিক অস্তিত্ব নিয়েই রয়েছেন । উনি জানেন না ,তাই একথা বলেছেন । যে উৎসবের পৃষ্ঠপোষক সরকার , জেলা শাসক সভাপতি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এতে যুক্ত রয়েছেন ,সেটা শাসক দলের উৎসব কি ভাবে হয় ? এতে রাজনীতি নেই । খুঁটিপূজায় সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে । যে কেউ আসতে পারে ” , স্পষ্ট জানিয়েছেন সৌরভ ।
প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পৌরসভার কুড়িটি ওয়ার্ডে বিজেপির কাছে হার মেনেছে শাসকদল তৃণমূল । পুর নির্বাচনের প্রাক্কালে আয়োজিত হতে চলেছে এই ষোলোতম ডুয়ার্স উৎসব । সে কারণে দশ দিনের এই উৎসব আঙিনা যে আগামীর অনেক অংক পাল্টে দিতে পারে তা ধারনায় পোষণ করা বাহুল্য নয় । আমজনতার মন জয় থেকে উৎসবের মঞ্চে হেভিওয়েট নেতৃত্বকে হাজির করা , অরাজনৈতিক উৎসব হলেও যে তাতে রাজনৈতিক ছাপ খানিকটা হলেও বিদ্যমান থাকবে তাও দিনের আলোর ন্যায় পরিষ্কার ।
অপরদিকে, উৎসব কমিটির সম্পাদক অনুপ চক্রবর্তী প্রত্যেক ডুয়ার্স বাসীর কাছে উৎসবের আনন্দ যজ্ঞে সামিল হওয়ার শুভেচ্ছা বার্তা দিয়ে জানান , ডুয়ার্স উৎসব বহির্বিশ্বে ডুয়ার্সের কৃষ্টি সংস্কৃতির প্রতিফলন । সকলে যাতে এই উৎসবে সামিল হয়ে আনন্দ লাভ করে ,সেটাই সর্বান্তকরণে চাইছি ।