আগামীর বিজ্ঞানী : ন্যাশনাল চিল্ড্রেন সায়েন্স কংগ্রেসে আলিপুরদুয়ারের প্রতিনিধিত্ব করবে জংশনের দেবাঞ্জন : খুশি জেলা জুড়ে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮সেপ্টেম্বর’১৯:-

খুশির হাওয়া আলিপুরদুয়ার জেলা জুড়ে, আনন্দ ছড়িয়ে পড়েছে শিক্ষা মহলেও। ন্যাশনাল চিল্ড্রেন সায়েন্স কংগ্রেস এ আলিপুরদুয়ার জেলার হয়ে রাজ্যস্তরে পুরস্কৃত হয়ে রাজ্যের ৩০জনের একজন হয়ে কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতায় নামতে চলেছে দোধিয়া কলোনির ছেলে দেবাঞ্জন মালাকার। তার তৈরি করা প্রকল্প নিয়ে দেশের মানুষের সামনে তুলে ধরতে চলেছে আলিপুরদুয়ার রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র দেবাঞ্জন। জেলাভিত্তিক প্রতিযোগিতায় ৯জন বিচারকের বিচারে প্রথম হয়ে জেলার বাকি ৯জন ক্ষুদে সায়েন্টিস্ট এর সাথেই রাজ্যস্তরে অন্যান্য জেলার ক্ষুদে সায়েন্টিস্টদের সাথে প্রতিযোগিতায় নেমেছিল সে। এরপর দুর্গাপুরে রাজ্যস্তরের হওয়া প্রতিযোগিতায় তার তৈরি করা প্রকল্প প্রশংসা পেয়ে রাজ্যর মোট ৩০জন ক্ষুদে সায়েন্টিস্ট এর সাথে এবার কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতায় আলিপুরদুয়ার জেলার হয়ে প্রতিযোগিতায় যাচ্ছে দেবাঞ্জন। যেটা আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, তবে তার স্থান এখনো ঠিক হয়নি।

সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলা হবার পর সর্বপ্রথম দেবাঞ্জন মালাকার ন্যাশনাল চিল্ড্রেন সায়েন্স কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। এই ব্যাপারে দেবাঞ্জন জানিয়েছেন যে, “ভীষণ খুশি আমি। পরিবেশের কথা ভেবেই প্রকল্পটি তৈরি করেছি। দিন দিন জলের ব্যবহার বেড়ে যাচ্ছে আর কমে যাচ্ছে ভূগর্ভস্থ জল। মানুষের ব্যবহৃত জল আবার কিভাবে ব্যবহারযোগ্য করে তোলা যায় সেই ভাবনা থেকেই আমার এই মডেল।” এই প্রকল্প তৈরির ব্যাপারে জানা গিয়েছে যে, এই প্রতিযোগিতায় ক্ষুদে সায়েন্টিস্টকে তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সমস্যাগুলো দেখে তার সম্ভাব্য সমাধান গুলোকে খুঁজে বের করে তার ওপর মডেল, চার্ট, ডেমোস্টেশন করে তার প্রকল্পকে জেলা স্তরের প্রতিযোগিতায় তুলে ধরতে হয়।

Leave a Reply

error: Content is protected !!