নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১০ অক্টোবর’১৯:-

কলকাতায় শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই দেখানো পথেই আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তীর তৎপরতায় , শহর আলিপুরদুয়ারেও দুর্গা মায়ের বিসর্জনের নিরঞ্জন শোভাযাত্রা ‘কার্নিভ্যালে’র চেহারা নিয়েছে গত বছরই । এবারও তার অন্যথা হলো না । জেলা আলিপুরদুয়ারের সদর শহর আলিপুরদুয়ারের বক্সা ফরেস্ট রোডের দু পাশে বসে-দাঁড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যার এই ‘কার্নিভ্যালে’ অংশগ্রহণ করলেন অগুনতি মানুষ । এবং আক্ষরিক অর্থেই এই জমকালো সাড়ম্বরে উপস্থিত থাকতে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট জনকে । ছিলেন জেলা পুলিশ সুপার , জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও । বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার শহর ও শহরতলীর অধিকাংশ নিরঞ্জন শোভাযাত্রা সমৃদ্ধ এই ‘কার্নিভ্যাল’ স্বতঃস্ফূর্তভাবেই উপভোগ করেছেন সুশৃঙ্খল আমজনতা ।
অন্যদিকে , নিষেধ থাকা সত্বেই গত দু দিনের নিরঞ্জন শোভাযাত্রার সঙ্গে তাল মিলিয়ে এই কার্নিভ্যালেও এন্তার ব্যবহার হলো শব্দদানব ‘ডি জে’র এবং যথারীতি নিশ্চুপ থাকতে দেখা গেল স্বেচ্ছাসেবী সচেতন সংগঠন থেকে পুলিশ প্রশাসনকে ।