নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ২২ আগস্ট’১৯:-

বাঘ নেই । কিন্তু তিনি তা বিশ্বাস করেন না । ন্যাশনাল টাইগার কনসার্ভাশন অথরিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের শেষ বাঘ সুমারী রিপোর্টে । বক্সা বাঘ বন বাঘ শূন্য । তোলপাড় হয়েছে এই রিপোর্ট নিয়ে । বক্সা বাঘ বনের ‘ব্যাঘ্র প্রকল্পের’ তকমা আদৌ থাকবে কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে স্বাভাবিক কৌতুহলে । কিন্তু তিনি , সদ্য দায়িত্ব প্রাপ্ত রাজ্যের বন মন্ত্রী , ব্রাত্য বসু বিশ্বাস করেন , বক্সা বাঘ বনে এখনো রয়েছে রয়েল বেঙ্গল টাইগার । এবং এই বিশ্বাস -অবিশ্বাসের দোলাতেই , বক্সা বাঘ বন বাঁচাতে ফের ‘বাঘ এনে জঙ্গলে ছেড়ে’ দেওয়ার (রিলোকেট) সিদ্ধান্ত জানিয়েছেন বনমন্ত্রী ব্রাত্য বসু । চলতি বছরেই , বক্সা বাঘ বনে ছয়টি বাঘ ছাড়তে চলেছে বন দফতর ।
বৃহস্পতিবার , আলিপুরদুয়ারের অদূরে বক্সা বাঘ বনের রাজাভাতখাওয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের শীর্ষ বনকর্তাসহ রাজ্য বনমন্ত্রী । এককথায় , বন বিভাগের নানাবিধ সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় সংবাদ মাধ্যমের সামনে । বন বিভাগের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে জঙ্গল সংরক্ষনে তাদের আগামীর চিন্তা ভাবনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন খোদ বনমন্ত্রী ।
এর পরেই স্বাভাবিক প্রশ্নে উঠে আসে বক্সায় বাঘের প্রসঙ্গ । এন টি সি এ ‘র প্রতি যথাযোগ্য মর্যাদা রেখেই ব্রাত্য বাবু জানান, ‘ এন টিসি এ তাদের কাজ করেছে । বাঘ নেই এই জঙ্গলে বলে জানিয়েছে । এটাকে তাদের ব্যর্থতা বলব না । তবে এই বনের সকলের সঙ্গে আমি কথা বলেছি । বিভিন্ন সূত্র পাওয়া গেছে । আমার দৃঢ় বিশ্বাস বাঘ আছে । আমরা শুধু ছবিটাই পাই নি । ”
এর পরেই বনমন্ত্রী জানান , কিছুদিনের মধ্যেই বক্সা বনে বাঘ এনে ছাড়া হবে । ছয়টি বাঘ প্রাথমিক দফায় আনা হবে । তার জন্য জঙ্গল প্রস্তুত রয়েছে । বাঘের খাদ্য এর যোগান রাখা হয়েছে ।
প্রসংগত , গত ২০১৬ সাল থেকেই এই বাঘ বনে বাইরে থেকে বাঘ এনে ছাড়ার কাহিনী ঘুরছে মুখে মুখে । মালদার আদিনা পার্ক থেকে স্পটেড হরিণ আনা , জলদাপাড়া থেকে সম্বরের আগমন প্রস্তুতি ,জঙ্গলের কোর এলাকা চিহ্নিত করে তা সাজিয়ে গুছিয়ে তোলা , সমস্ত ব্যবস্থাই দীর্ঘ দিন ধরে প্রস্তুত করেছে বক্সা বন বিভাগ । কিন্তু একদিকে যেমন বাঘ সুমারী মুখ ফিরিয়ে নিয়েছে ,তেমনি বাইরে থেকেও আসে নি বাঘ । এবার বন মন্ত্রী উদ্যোগ নিয়েছেন । ছয় ছয়টি বাঘ নিয়ে আসা হবে জানিয়েছেন । তা কতটা বাস্তবায়িত হবে , তার উত্তর , বলাই বাহুল্য , সময়ই দেবে ।