নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ৬ সেপ্টেম্বর’১৯ :-

নামে উন্নয়ন-শিল্পায়ন-নগরায়ন । আদপে উন্নয়নের নামে-শিল্পায়নের নামে-নগরায়নের নামে চলছে অবাধ বৃক্ষছেদন। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ভূ-উষ্ণায়ন, জল সংকট পৃথিবীর আজ সবচেয়ে বড় সমস্যা। ধ্বংস হচ্ছে স্বাভাবিক বাস্তুতন্ত্র।
এই সমস্যার সমাধান খুঁজছে আজ গোটা বিশ্ব। পা মিলিয়েছে ডুয়ার্সের প্রান্তিক জনপদ আলিপুরদুয়ারও। শিক্ষক দিবসকে সামনে রেখে আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া গ্রামে এক প্রাইভেট টিউটরের উদ্যোগে, তার ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এক বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়। এই সামাজিক উদ্যোগকে সফল করতে যোগ দেন স্থানীয় যুবক প্রবীরকুমার দাস, রাজু ব্যানার্জী, বিশ্বজিৎ রায় প্রমুখ।
বীরপাড়া চৌপথী থেকে শুরু হয় এই বৃক্ষরোপন অভিযান। ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে , সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে এই কিশলয় বপন কর্মসূচী সমাধা করতে পেরে উচ্ছসিত শিক্ষক দেবরাজ চক্রবর্তী । যদিও তার বক্তব্য , কাজ এখনো শেষ হয়নি । গাছ লাগানো হয়েছে । এবার এগুলো বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই । নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে । তবেই পরিবেশ সুরক্ষার নিরিখে এই বৃক্ষরোপণ সার্থক হবে , স্পষ্ট স্বরেই জানিয়েছেন শ্রী চক্রবর্তী ।