নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭সেপ্টেম্বর’১৯:-

বচসার জেরে যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপালো গ্যারেজ মালিককে। ঘটনাটি ঘটে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায়। সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ বীরপাড়া চৌপথীর একটি গ্যারেজে একজন যুবক নাম্বার বিহীন বাইক মেরামতের জন্য আনেন। সেখানে গ্যারেজ মালিকের সাথে যুবকটি বচসার জড়িয়ে পড়েন। বচসার জেরে যুবকটি গ্যারেজ মালিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনার জেরে দোকানের সামনে স্থানীয়রা ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় গ্যারেজ মালিককে আলিপুরদুয়ার হাসপাতালে পাঠালে, হাসপাতালের চিকিৎসকরা গ্যারেজ মালিকের অবস্থা আশঙ্কাজনক থাকায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন।জানা যায় অভিযুক্ত যুবকটি পলাতক।এদিকে, ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা বীরপাড়ার মহাত্মা গান্ধি রোড অবরোধ করে। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা যায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত যুবকটির খোঁজ করছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

