নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার,২৬ সেপ্টেম্বর’১৯:-

গোটা পশ্চিমবাংলার সঙ্গে পায়ে পা মিলিয়ে আলিপুরদুয়ারেও এক শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনে সাড়ম্বরে উদযাপিত হলো ঊনবিংশ শতাব্দীর বাঙালি মনীষীদের শ্রেষ্ঠ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষ । “উদ্দেশ্য-বিধেয়”সাহিত্য পত্রিকা এবং এক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় বিভিন্ন পর্বে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা । বৃহস্পতিবার সকালে তাঁর প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । এই শ্রদ্ধামিশ্রিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড: দেব কুমার মুখোপাধ্যায় । প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতি মালিনী ভট্টাচার্য। ‘বিদ্যাসাগর আধুনিকতা-নারী প্রগতি’বিষয়ে আলোচনা করেন স্বনামধন্য শিক্ষাবিদ শ্রীমতি মালিনী ভট্টাচার্য । সমাজ সংস্কারক-শিক্ষাবিস্তার- নারী প্রগতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য কৃতী ব্যক্তিত্বকে ‘বিদ্যাসাগর স্মারক সম্মাননা’ জ্ঞাপন করা হয়। গানে কবিতায় ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি জানান সাংস্কৃতিক কলাকুশলীবৃন্দ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা পর্বের অনুষ্ঠানের ইতি টানা হয়।
