নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ নভেম্বর’১৯:-

বুনো হাতির উপদ্রবে ধান পেকে ওঠার আগেই কৃষকেরা কাটতে বাধ্য হচ্ছেন ফসলি ধান, কাঁচা অবস্থায় । ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি এলাকায়। সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ লতাবাড়ি এলাকার ধানক্ষেতে আচমকা হাতির দল হানা দেয়। প্রায় রাত বারোটা অবধি ধান ক্ষেতে বুনো হাতির দল তাণ্ডব চালিয়ে যায়। হাতির তাণ্ডপের জেরে গরিব চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষকেরা জানান, গত কয়েকদিনে ওই এলাকার পাকা ধানের ক্ষেতে বুনো হাতির দল তাণ্ডব চালিয়ে যাচ্ছে। উত্তর লতাবাড়ির কৃষকেরা একপ্রকার বাধ্য হয়েই ধান পুরোপুরি পেকে ওঠার আগেই কাটতে বাধ্য হচ্ছে।
সুক্কা ওঁরাও নামে উত্তর লতাবাড়ির এক কৃষক জানান, গেল কয়েকদিন ধরেই সন্ধ্যা ঘনিয়ে আসতেই চাষিদের পাকা ধানের খেতে বুনো হাতির দল নেমে সব তছনছ করে দিচ্ছে। তাদের রোজগারের একমাত্র পথ কৃষিকাজ। প্রতিনিয়ত হাতির হানা জনসাধারণ জীবন অতিষ্ঠ হয়ে উঠেছেন। কৃষকদের থেকে জানা যায়, বনবিভাগের কর্মীরা মাঝে মধ্যে আসলেও হাতির হানা রুখতে বিশেষ কোনো পদক্ষেপ এখনো অবধি নেন নি। তাই ধান পাকার আরো দুসপ্তাহ বাকি থাকার আগেই কৃষকেরা ধান কাটতে বাধ্য হয়েছে।