নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ নভেম্বর ২০২৪ :-

হাওড়া একটি জনবহুল স্টেশন, যেখানে দূরপাল্লার ট্রেন ধরার জন্য মানুষ ভিড় করে সকাল থেকে রাত পর্যন্ত।
দূরে কোথাও ঘুরতে বা কাজের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য হাওড়া স্টেশনে অগণিত ট্রেন যেরকম যাতায়াত করে, তেমন মানুষের জমায়েতও থাকে অনেক।
বর্তমানে হাওড়া স্টেশনে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম রয়েছে, যার সংখ্যা ২৩। এতগুলো প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও মানুষের ভিড় এতটাই বৃদ্ধি পাচ্ছে, যে প্লাটফর্মে জায়গা দেওয়া সম্ভবপর হচ্ছে না। এতে যেমন যাত্রীদের নিত্যদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ঠিক তেমনি রেল কর্তৃপক্ষের পক্ষেও অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পূর্ব রেল কর্তৃপক্ষ এই জন্যই সিদ্ধান্ত নিয়েছেন, হাওড়া স্টেশনে আরো একটি প্ল্যাটফর্ম বৃদ্ধি করা হবে। ২০২৫ সালের শুরু থেকেই এই প্লাটফর্ম এর কাজকর্ম শুরু করা হবে, যার ফলে প্লাটফর্মের সংখ্যা হয়ে দাঁড়াবে ২৪।
যদিও সাধারণ মানুষের জন্য এই প্লাটফর্ম উন্মুক্ত করা হবে কবে, সে ব্যাপারে এখনো কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি রেল কর্তৃপক্ষের তরফে। তবে আশা করা হচ্ছে হাওড়া স্টেশনে এই নতুন প্লাটফর্ম চালু হওয়ার পরে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।