কালচিনিতে সাহসিক উদ্ধার: কংক্রিটের জলাধারে পড়া গুলবাঘকে বাঁচালেন বনকর্মী ও স্থানীয়রা | The 4th Column

কালচিনিতে সাহসিক উদ্ধার: কংক্রিটের জলাধারে পড়া গুলবাঘকে বাঁচালেন বনকর্মী ও স্থানীয়রা
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৮শে এপ্রিল ২০২৫:-

–গুলবাঘটিকে টেনে তুলছেন অসমসাহসী স্থানীয়রা

আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বলয়ের রায়মাটাং চা বাগানে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে তাদের সম্মিলিত সাহসিক প্রচেষ্টায় একটি কংক্রিটের জলাধারে পড়ে যাওয়া একটি পূর্ণবয়স্ক গুলবাঘের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, রায়মাটাং চা বাগানের ৭ নম্বর সেকশনের জলাধারে কখন ওই বন্যপ্রাণীটি পড়ে যায় তা প্রথমে কেউ টের পাননি। তবে গভীর রাতে অসহায় লেপার্ডটির আর্তনাদ স্থানীয় বাসিন্দাদের কানে পৌঁছলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। জলাধারে একটি গুলবাঘকে হাবুডুবু খেতে দেখে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয়রা কালবিলম্ব না করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের খবর দেন। খবর পাওয়া মাত্রই বনকর্মীদের একটি দল দ্রুত রায়মাটাং চা বাগানে পৌঁছায়। এরপর শুরু হয় গুলবাঘটিকে উদ্ধারের কঠিন ও ঝুঁকিপূর্ণ অভিযান। স্থানীয় বাসিন্দারাও বনকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে ক্লান্ত ও ভীত গুলবাঘটিকে অক্ষত অবস্থায় জলাধার থেকে তুলে আনা সম্ভব হয়।
বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পি জে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “চা বাগানের জলাধারে পড়ে যাওয়া গুলবাঘটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে উপযুক্ত সময়ে তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও বনকর্মীদের পেশাদারিত্বের ফলস্বরূপ একটি বিপন্ন বন্যপ্রাণীর জীবন রক্ষা হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সকলে। এই ঘটনা আবারও প্রমাণ করল মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব কতটা অপরিসীম।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!