বক্সায় হরিণ শিকার করে ভুরিভোজ, বনদপ্তরের জালে তিনজন
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৬ই মে ২০২৫:
বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্বে হরিণ শিকার করে মাংস রান্না করার সময় বনদপ্তরের হাতে ধরা পড়ল তিন অভিযুক্ত। রবিবার রাতে উত্তর রায়ডাক রেঞ্জের রায়ডাক চা বাগানের চার নম্বর সেকশনে এই ঘটনা ঘটে। ধৃতরা হল অনিল টোপ্পো, কুশল কিসপোট্টা ও এটরেন মিঞ্জ।
বনদপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মীরা ওই এলাকায় হানা দেন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, ধৃতরা একটি হরিণকে হত্যা করে চা বাগানের মধ্যেই মাংস কাটছে এবং রান্নার প্রস্তুতি নিচ্ছে। বনকর্মীরা হাতেনাতে তাদের ধরে ফেলেন। তাদের কাছ থেকে রান্না করা হরিণের মাংস, রক্তের নমুনা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় বনদপ্তর ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার অভিযুক্তদের আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এদিকে, নিহত হরিণটি ঠিক কোন প্রজাতির, তা নিশ্চিত করার জন্য বনদপ্তর তৎপর হয়েছে। হরিণের রান্না করা মাংস, রক্তের নমুনা ও চামড়া পরীক্ষার জন্য কলকাতার জু লজিকাল অথিরিটি অফ ইন্ডিয়ার ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।
বক্সা ব্যাঘ্র পূর্বের উপক্ষেত্র অধিকর্তা দেবাসিশ শর্মা জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হরিণটি বার্কিং ডিয়ার বা চিতল হরিণ হতে পারে। পরীক্ষার রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, বন্যপ্রাণ হত্যার দায়ে একের পর এক অপরাধীর শাস্তি হওয়া সত্ত্বেও কিছু মানুষ ফের বনের আইন ভাঙছে, যা বন সংরক্ষণের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।