নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ মার্চ ২০২৬ :

নয়াদিল্লি: ভারতীয় রেলের প্রিমিয়াম পরিষেবা বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের মান নিয়ে ফের বড়সড় বিতর্ক দানা বাঁধল। যাত্রীর পরিবেশন করা দইয়ের বাটিতে জীবন্ত পোকা পাওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রেল মন্ত্রক অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-কে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে তাদের চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৫ মার্চ পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে (ট্রেন নম্বর ২১৮৯৬) সফর করার সময় এই ঘটনার সম্মুখীন হন রীতেশ কুমার সিং নামের এক যাত্রী। পেশায় কনটেন্ট ক্রিয়েটর রীতেশ ট্রেতে রাখা দইয়ের বাটিতে পোকা নড়াচড়া করতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার ভিডিও রেকর্ড করেন এবং ট্রেন ম্যানেজারের কাছে অভিযোগ জানান। ভিডিওতে দেখা যায়, রেল আধিকারিকরা টর্চের আলোয় দইটি পরীক্ষা করছেন এবং যাত্রী তাঁদের পোকাগুলি দেখিয়ে দিচ্ছেন। এই একই ট্রেতে অন্যান্য খাবারও রাখা ছিল, যা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন রীতেশ।
ঘটনাটিকে কেন্দ্র করে ট্রেনের অন্যান্য যাত্রীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই টিকিটের চড়া দামের অনুপাতে পরিষেবার নিম্নমান নিয়ে প্রশ্ন তোলেন। রীতেশের ইউটিউব চ্যানেলে ১.১৯ লক্ষ সাবস্ক্রাইবার থাকায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যার ফলে রেলের ওপর চাপ বাড়ে।
পরিস্থিতি বিবেচনায় এনে রেল মন্ত্রক একটি সরকারি বিবৃতিতে জানায়, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান রেলের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। দ্রুত পদক্ষেপ হিসেবে আইআরসিটিসি এবং পরিষেবা প্রদানকারী সংস্থাকে মোট ৬০ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি দোষী সংস্থার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। রেলের এই কড়া মনোভাব ভবিষ্যৎ পরিষেবা উন্নত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।