১৬৫ বছরের প্রথা ভেঙে মার্কিন ডলারে ট্রাম্পের স্বাক্ষর: ২৫০তম স্বাধীনতা দিবসে ঐতিহাসিক বদল | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ মার্চ ২০২৬ :

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ১৬৫ বছরের প্রচলিত প্রথা ভেঙে এবার আমেরিকার ডলার বিলে স্থান পেতে চলেছে খোদ প্রেসিডেন্টের স্বাক্ষর। এতদিন পর্যন্ত মার্কিন ডলারে সেদেশের ট্রেজারার এবং অর্থসচিবের সই থাকার নিয়ম ছিল। কিন্তু আড়াইশো বছরের স্বাধীনতা পূর্তির মাহেন্দ্রক্ষণে সেই নিয়মে আমূল পরিবর্তন আনলেন ট্রাম্প।
আগামী ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ২৫০তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই ট্রাম্প প্রশাসন মুদ্রা ব্যবস্থায় এই বড়সড় রদবদল ঘটিয়েছে। মার্কিন অর্থ দপ্তরের মতে, ডলার বিলে প্রেসিডেন্টের উপস্থিতি আমেরিকার বৈশ্বিক শক্তি এবং সাফল্যের এক বলিষ্ঠ প্রতিফলন হিসেবে কাজ করবে। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন মুদ্রায় নিজের স্বাক্ষর যোগ করার সাহস বা উদ্যোগ দেখাননি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানান, “প্রেসিডেন্ট ট্রাম্পের অসংখ্য কৃতিত্ব এবং দেশের ঐতিহাসিক সাফল্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য মুদ্রায় তাঁর স্বাক্ষর থাকা অত্যন্ত জরুরি। স্বাধীনতার ২৫০তম বর্ষই এই নতুন নোট আত্মপ্রকাশের সেরা সময়।” মজার বিষয় হলো, যাঁর সই করার অধিকারটি খর্ব করা হলো, সেই হবু ট্রেজারার ব্র্যান্ডন বিচ নিজেও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, চলতি বছরের জুন মাস থেকেই ট্রাম্পের স্বাক্ষর সংবলিত নতুন নোট ছাপার কাজ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ১০০ ডলারের বিলগুলো বাজারে ছাড়া হবে। তবে শুধু কাগজের নোটেই ক্ষান্ত থাকছেন না ট্রাম্প; স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ছবি দেওয়া ২৪ ক্যারাটের বিশেষ সোনার কয়েনও তৈরি করা হচ্ছে। বর্তমানে বাজারে প্রচলিত নোটে জো বাইডেন আমলের অর্থসচিব জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালেরবার সই রয়েছে। জুন মাস থেকে সেই জায়গা দখল করবেন ডোনাল্ড ট্রাম্প। মুদ্রার এই ভোলবদল বিশ্ব অর্থনীতিতে আমেরিকার একাধিপত্য প্রমাণের নতুন কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!