সরকারি কর্মীদের তথ্য প্রকাশে কড়াকড়ি: নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার
নিজস্ব প্রতিবেদন, দ্য ফোর্থ কলাম, ২০ মে ২০২৬ :-

সরকারি কর্মচারীদের আচরণবিধি এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। গত ১৯ মে, ২০২৬ তারিখে রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে একটি বিশেষ সার্কুলার জারি করা হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং রাজ্য সরকারের অধীনস্থ অন্যান্য সমস্ত কর্মচারীদের জন্য নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক।
সরকারি কাজের গোপনীয়তা রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। সার্কুলারে মূলত ৫টি প্রধান নির্দেশিকার কথা উল্লেখ করা হয়েছে:
• মিডিয়া অনুষ্ঠানে অংশগ্রহণে নিষেধাজ্ঞা: সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মী সরকার-স্পনসরড বা বেসরকারি কোনো মিডিয়া অনুষ্ঠান বা সম্প্রচারে অংশ নিতে পারবেন না।
• নথি বা তথ্য শেয়ারে নিষেধাজ্ঞা: সরকারি নির্দেশ ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কোনো নথি বা তথ্য সরাসরি বা পরোক্ষভাবে ভাগ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
• অনুমতিহীন প্রকাশনা বন্ধ: সরকারের অনুমতি ছাড়া কোনো সংবাদপত্র, সাময়িকী বা অন্য প্রকাশনায় লেখা, সম্পাদনা, সম্প্রচার বা চিঠি প্রকাশ করা যাবে না।
• নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা নয়: কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা করে কোনো মন্তব্য, লেখা, সম্প্রচার বা প্রকাশনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
• সম্পর্ক ক্ষুণ্ণকারী মন্তব্যে নিষেধাজ্ঞা: এমন কোনো প্রকাশনা বা মন্তব্য করা যাবে না, যাতে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র, অন্য রাজ্য সরকার বা বিদেশি রাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে পারে।
আইনি ভিত্তি ও শাস্তি:
এই নির্দেশিকাটি অল ইন্ডিয়া সার্ভিস (কন্ডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণবিধি, ১৯৫৯ অনুযায়ী জারি করা হয়েছে। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই আচরণবিধি লঙ্ঘন করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর শৃঙ্খলাভূলক ব্যবস্থা নেওয়া হবে।