মাধ্যমিকের ফল প্রকাশ: ৮৬.৮৩ শতাংশ পাশ, প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র, শীর্ষে কালিম্পং | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ মে ২০২৬ :

মাধ্যমিক ২০২৬: মেধার জয়জয়কার, পাশের হারে জেলাকে টেক্কা পাহাড়ের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সকালে পর্ষদ ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮৫ দিনের মাথায় এই ফল প্রকাশ করে পর্ষদ এক অনন্য নজির গড়ল।
ফলাফল এক নজরে:
এ বছর রাজ্যে সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এই হার সামান্য বৃদ্ধি পাওয়ায় পর্ষদ সন্তোষ প্রকাশ করেছে। পরিসংখ্যন অনুযায়ী, এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। যার মধ্যে ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ এবং ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। উল্লেখযোগ্যভাবে, এবারেও পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ছাত্রদের ছাপিয়ে গিয়েছে ছাত্রীরা। এছাড়া একজন রূপান্তরকামী পরীক্ষার্থীও এবছর সফলভাবে পরীক্ষা দিয়েছেন।
মেধাতালিকার শীর্ষে অভিরূপ:
এবারের মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়েছে উত্তর দিনাজপুর। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র ৬৯৮ নম্বর (৯৯.৭১ শতাংশ) পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। পর্ষদ জানিয়েছে, এবারের মেধা তালিকায় মোট ১৩১ জন স্থান পেয়েছেন। মেধার এই লড়াইয়ে ছাত্রদের দাপট লক্ষ্য করা গিয়েছে— ১৩১ জনের মধ্যে ১০৩ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী।
জেলার লড়াইয়ে চমক কালিম্পং-এর:
পাশের হারের নিরিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে কালিম্পং। পাহাড়ি এই জেলায় পাশের হার ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২ শতাংশ) এবং তৃতীয় স্থানে কলকাতা (৯২.৩১ শতাংশ)। এর ঠিক পরেই চতুর্থ স্থান দখল করেছে পশ্চিম মেদিনীপুর।
নম্বরের পরিসংখ্যান:
প্রাপ্ত নম্বরের বিভাজন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। ৮০-৯০ শতাংশের ঘরে রয়েছে ২.৮৯ শতাংশ পড়ুয়া এবং ৯.৬৪ শতাংশ পরীক্ষার্থী ৭০-৮০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে।
ফলাফল ঘোষণার পর কৃতিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে। আজ থেকেই পর্ষদের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারছেন এবং দ্রুত স্কুলগুলি থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!