নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ মার্চ ২০২৬ :

কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। রবিবার, ২৯ শে মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠিতে জানানো হয়েছে যে, রাজ্যের বিভিন্ন ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) এবং সহকারী রিটার্নিং অফিসারদের (ARO) বদলির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মার সই করা এই নির্দেশে জানানো হয়েছে, গত ২৮ শে মার্চ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর থেকে ৮৪ জন আধিকারিকের বদলির একটি তালিকা পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব খতিয়ে দেখে কমিশন ৮৩ জন আধিকারিকের বদলি ও নতুন পোস্টিংয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তবে তালিকার ৮৪ নম্বর ক্রমিক সংখ্যার আধিকারিককে (সিউড়ি-১ ব্লকের হাসনাত আলী) এই বদলির আওতা থেকে আপাতত বাদ রাখা হয়েছে।
বদলির এই তালিকায় কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলার আধিকারিকরা রয়েছেন। উল্লেখযোগ্য বদলিগুলোর মধ্যে রয়েছে নন্দীগ্রাম, বারাসাত, ডায়মন্ড হারবার এবং সিঙ্গুরের মতো সংবেদনশীল এলাকাগুলো। যেমন, নন্দীগ্রাম-১ ব্লকের বর্তমান বিডিও নাজিরুদ্দিন সরকারের জায়গায় সঞ্জয় শিকদারকে এবং নন্দীগ্রাম-২ ব্লকে শুভদীপ চৌধুরীর জায়গায় দেবোত্তম সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সন্দেশখালি-২ ব্লকে অরুণ কুমার সামন্তের জায়গায় আসছেন সরোজিত তামাং।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো আধিকারিক একই জেলায় বা একই আসনে দীর্ঘ সময় কর্মরত থাকলে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের স্বার্থে সাধারণত ভোটের আগে তাঁদের বদলি করা হয়। এই ব্যাপক রদবদল সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে। শীঘ্রই রাজ্য সরকারকে এই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর ফলে ভোট পরিচালনার মূল কাঠামোতে বড় পরিবর্তন আসতে চলেছে।