নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ এপ্রিল ২০২৬ :

আলিপুরদুয়ার: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল প্রতিবেশী দেশ ভুটান। নিরাপত্তার খাতিরে আগামী ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা লাগোয়া সমস্ত আন্তর্জাতিক সীমান্ত সিল করার বিজ্ঞপ্তি জারি করেছে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রক।
ভুটান প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফুন্টসোলিং এবং সামচে সহ উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া তিনটি প্রধান গেট এই সময়সীমার মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ এপ্রিল বিকেল ৫টা থেকে ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই গেটগুলি দিয়ে সাধারণ মানুষ এবং পর্যটকদের যাতায়াতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণত বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে যে কেবল ভোটগ্রহণের দিনই সীমান্ত বন্ধ রাখা হতো। কিন্তু এবার নির্বাচনের দুই দিন আগে থেকেই কেন দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক সীমান্ত সিল করার সিদ্ধান্ত নেওয়া হলো, সেই বিষয়ে ভুটান সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। ভুটান সরকারের পাশাপাশি আলিপুরদুয়ারের জেলাশাসকের দফতর থেকেও একটি পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভোটের দিন সীমান্ত দিয়ে সব ধরণের যাতায়াত নিয়ন্ত্রিত থাকবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে দুই দেশের প্রশাসনই এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শাহ বলেন, “নির্বাচন যাতে কোনো রকম বিঘ্ন ছাড়াই সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই দুই দেশের যৌথ সম্মতিতে সীমান্ত সিল করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে দীর্ঘ সময় গেট বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে পারেন ভুটানে ঘুরতে যাওয়া পর্যটক এবং প্রতিদিনের যাতায়াতকারী সাধারণ মানুষ। নির্বাচনের এই কড়া নিরাপত্তায় এখন থমথমে ভারত-ভুটান সীমান্ত এলাকা।