সুপ্রিম কোর্টে ফের ঝুলেই রইল ডিএ মামলা, পরবর্তী শুনানি ভোটের ফলপ্রকাশের পর | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ এপ্রিল ২০২৬ :

— প্রতীকী ছবি

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পরবর্তী দিন ধার্য ৬ মে

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার নিষ্পত্তি অধরাই রয়ে গেল। বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও রাজ্যের আবেদনে সাড়া দিয়ে তা পিছিয়ে দিল শীর্ষ আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ মে। রাজনৈতিক মহলের মতে, তারিখটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ ততদিনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাবে।
এদিন শুনানির শুরুতে রাজ্যের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটির সমস্ত সুপারিশ মানতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতিপূর্বেই আদালতের নির্দেশ মেনে গত ৩১ মার্চের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ-র প্রথম কিস্তি বাবদ ৬,০০০ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্য জানায়, কর্মীদের তালিকা এবং হিসেব অনুযায়ী বকেয়া টাকার একটি বড় অংশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী পদক্ষেপের জন্য বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির চূড়ান্ত রিপোর্টের প্রয়োজন। এপ্রিলের শেষভাগে ওই রিপোর্ট পেশ হওয়ার কথা রয়েছে। সেই যুক্তিতেই শুনানির জন্য আরও কিছুটা সময় চায় রাজ্য। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আর্জি মঞ্জুর করে মামলাটি মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মুলতুবি করে দেয়।
উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। গত ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত সাফ জানিয়েছিল, ডিএ কর্মচারীদের আইনি অধিকার এবং বকেয়া মেটাতেই হবে। বকেয়া ৪২ হাজার কোটি টাকার মধ্যে মাত্র ৬ হাজার কোটি টাকা মেটানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আদালতের বাইরে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে। মুখ্যমন্ত্রী কর্মচারীদের অধিকারকে মর্যাদা দিতে চান না।” তিনি আরও দাবি করেন, ৪ তারিখের পর বিজেপি সরকার ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন ও বকেয়া ডিএ-র স্বপ্ন পূরণ করবে। সুপ্রিম নির্দেশে কিছুটা স্বস্তি পেলেও বকেয়া টাকার বাকি অংশ কবে মিলবে, সেদিকেই এখন তাকিয়ে কয়েক লক্ষ সরকারি কর্মচারী।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!